এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে বড় সুখবর দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা হতে যাচ্ছে এবং এর জন্য একটি সফটওয়্যার তৈরি করা হচ্ছে। এই ব্যবস্থা চালু হলে যারা এনটিআরসিএর মাধ্যমে নিয়োগ সুপারিশ পাচ্ছেন, তারা নিজ জেলায় যাওয়ার সুযোগ পাবেন।
আলোচনা সভায় গুরুত্বপূর্ণ ঘোষণা
শনিবার (২৫ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক, কর্মচারী বদলি নীতিমালা-২০২৬’ সংক্রান্ত আলোচনা সভায় শিক্ষামন্ত্রী এ কথা বলেন। সভায় প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান শিক্ষকদের বদলিও সম্ভব
শিক্ষামন্ত্রী আরও বলেন, যারা প্রধান শিক্ষক রয়েছেন, তাদেরও বদলি করা সম্ভব হবে। সফটওয়্যারটি এখন প্রক্রিয়াধীন এবং আলোচনার স্তরে রয়েছে। সম্ভাব্যতা যাচাই-বাছাই করে পরবর্তী ধাপে যাওয়া হবে। বর্তমানে এটি প্রি-ম্যাচিউর স্টেজে আছে।
মন্ত্রী উদাহরণ দিয়ে বলেন, ধরুন জরুরি একটি এলাকায় হেড মাস্টারের পদ খালি হয়েছে, ইচ্ছে করলে সেখানে একজন বদলি হতে পারেন। আমরাও করতে পারি। কর্মচারী থেকে শিক্ষক সবাইকে এক নীতিমালার আওতায় আনা হচ্ছে এবং এ জন্য একটি সফটওয়্যার ডেভেলপ করা হচ্ছে।



