দেশের এক হাজার মাদ্রাসায় কারিগরি ট্রেড কোর্স চালু করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাতের (হাসনাত আবদুল্লাহ) টেবিলে উত্থাপিত লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২০তম দিন বৃহস্পতিবার সংসদে সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
সংসদ সদস্যের প্রশ্ন
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাত প্রশ্ন রেখে বলেন, ‘মাদ্রাসা শিক্ষায় বাংলাদেশের ২ কোটিরও বেশি শিক্ষার্থী রয়েছে এবং ৪০ লাখেরও বেশি প্রাথমিক স্তরে মাদ্রাসায় পড়ছে। কিন্তু গবেষণায় দেখা গেছে, মাদ্রাসার স্নাতকরা ধর্মীয় প্রতিষ্ঠানের বাইরে কর্মসংস্থানে মারাত্মক প্রতিবন্ধকতার মুখে পড়ে থাকেন। এ বিশাল জনগোষ্ঠীকে কর্মবাজারমুখী করতে মন্ত্রণালয় কী কার্যকর পরিকল্পনা নিয়েছে এবং কবে নাগাদ সেগুলো আলোর মুখ দেখবে?’
শিক্ষামন্ত্রীর জবাব
জবাবে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, মাদ্রাসা শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করতে মাদ্রাসার কারিকুলামে পেশাভিত্তিক ও বৃত্তিমূলক বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করা হবে। মাদ্রাসায় ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি, আইটি ও ইংরেজি ভাষা শিক্ষার ব্যবস্থা করা হবে। তিনি আরও জানান, ইতোমধ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক গঠিত একটি কমিটি মাদ্রাসার কারিকুলাম যুগোপযোগী করার এ কাজ শুরু করেছে। সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী সবার জন্য কারিগরি শিক্ষা নিশ্চিত লক্ষ্যে প্রতিটি মাদ্রাসায় কারিগরি ট্রেড চালু করা হবে।
বর্তমান অগ্রগতি
শিক্ষামন্ত্রী আরও বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি মাদ্রাসাগুলোতে অধ্যয়নরত শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার সুযোগ সৃষ্টি করা হয়েছে। ইতোমধ্যে ৫৪৮টি মাদ্রাসায় ভোকেশনাল কোর্স চালু করা হয়েছে। আরও এক হাজার মাদ্রাসায় পর্যায়ক্রমে কারিগরি ট্রেড কোর্স চালু করা হবে।



