নিউরনের জিন-প্রকাশ, গঠন ও কার্যকলাপ একসঙ্গে বিশ্লেষণে নতুন প্লাটফর্ম
নিউরনের জিন-প্রকাশ, গঠন ও কার্যকলাপ একসঙ্গে বিশ্লেষণে প্লাটফর্ম

চীনা বিজ্ঞানীরা একটি নতুন গবেষণা প্লাটফর্ম তৈরি করেছেন, যা একক নিউরনের জিন-প্রকাশ, গঠন ও কার্যকলাপ একই সঙ্গে বিশ্লেষণ করতে সক্ষম। গবেষকদের মতে, এই অগ্রগতি মানব মস্তিষ্কের কার্যপ্রণালী ও স্নায়ুবিক রোগের বিকাশ সম্পর্কে আরও গভীর ধারণা দেবে। চীনা বিজ্ঞান অ্যাকাডেমির গবেষকদের পরিচালিত এই গবেষণা সম্প্রতি আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী সেলে প্রকাশিত হয়েছে।

নিউরন বোঝার তিনটি স্তম্ভ

নিউরন হলো মস্তিষ্কের মৌলিক সংকেতবাহী কোষ। কার্যকারিতা, গঠন ও জিন-প্রকাশ; এই তিন বৈশিষ্ট্যের মাধ্যমে নিউরনকে বোঝা যায়। তবে এতদিন একই নিউরনের ক্ষেত্রে এই তিন ধরনের তথ্য একসঙ্গে সংগ্রহের প্রযুক্তি ছিল না।

আইএমসি প্লাটফর্মের উদ্ভাবন

এই সীমাবদ্ধতা দূর করতে গবেষকরা ইন্টিগ্রেটেড মাল্টিমোডাল ক্যারেকটারাইজেশন বা আইএমসি নামের একটি প্লাটফর্ম তৈরি করেছেন। প্লাটফর্মটিতে দুটি স্বতন্ত্র প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। একটি হলো উচ্চ রেজল্যুশনের মাল্টিফেজ প্যারালালাইজড টু-ফোটন মাইক্রোস্কোপ, যা মস্তিষ্কের টিস্যু না কেটেই নিউরনের বিস্তৃত সংযোগ পুনর্গঠন করতে সক্ষম। অন্যটি হলো এমন এক প্রযুক্তি, যা কোষের ভেতরে জিন অণুর অবস্থান নির্ভুলভাবে শনাক্ত করতে পারে এবং একসঙ্গে ছয়টি জিন বিশ্লেষণ করতে পারে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ইঁদুরের ওপর পরীক্ষা

গবেষণায় ইঁদুরের ওপর পরীক্ষা চালানো হয়। প্রথমে নিউরনের দৃশ্যগত উদ্দীপনা ও মুখের নড়াচড়ার প্রতি প্রতিক্রিয়া রেকর্ড করা হয়। এরপর একই নিউরনের মস্তিষ্কজুড়ে বিস্তৃত সংযোগ পুনর্গঠন এবং জিনের বণ্টন ও পরিমাণ নির্ণয় করা হয়।

ডেটাসেট ও ফলাফল

এ পর্যন্ত চীনা গবেষকরা ১০০টিরও বেশি নিউরনের ট্রাইমোডাল ডেটাসেট সংগ্রহ করেছেন। তাদের বিশ্লেষণে দেখা গেছে, জিন-প্রকাশ ও গঠনতাত্ত্বিক তথ্যকে কার্যকলাপের তথ্যের সঙ্গে যুক্ত করলে নিউরনের প্রতিক্রিয়া আরও নির্ভুলভাবে পূর্বাভাস দেওয়া সম্ভব। সূত্র: সিজিটিএন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ