গোল উদযাপনে সাংবাদিকের সঙ্গে হাত মেলালেন মেসি
গোল উদযাপনে সাংবাদিকের সঙ্গে হাত মেলালেন মেসি

আর্জেন্টিনা-অস্ট্রিয়া প্রীতি ম্যাচের ৯৫তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করার পর লিওনেল মেসি দৌড়ে গেলেন গোলপোস্টের পেছনে দাঁড়িয়ে থাকা এক সাংবাদিকের দিকে। কাছে গিয়ে হাত মেলালেন তাঁর সঙ্গে। মুহূর্তটি ক্যামেরাবন্দী হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে তা ভাইরাল হয়ে যায়।

কে এই সাংবাদিক?

সাংবাদিকের নাম হোয়াকিন ব্রুনো। তিনি আর্জেন্টিনার জনপ্রিয় ক্রীড়া চ্যানেল টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদক। ম্যাচের পর নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে ব্রুনো বলেন, ঘটনাটি এখনো তাঁর কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে।

ঘটনার বিবরণ

মেসির সেই গোলের আগ পর্যন্ত আর্জেন্টিনা ১-০ গোলে এগিয়ে ছিল। অস্ট্রিয়া বারবার আক্রমণে উঠে সমতায় ফেরার হুমকি দিচ্ছিল। ম্যাচের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কথা স্মরণ করে ব্রুনো লেখেন, ‘স্নায়ুচাপ তখনো কাটেনি। ভেতরে-ভেতরে আবেগের ঢেউ চলছিল।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সেই সময় তিনি গোলপোস্টের পেছনে একাই ছিলেন। তাঁর সহকর্মী গাস্তোন এদুল ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকার নিতে মিক্সড জোনে চলে গিয়েছিলেন। ৯৫তম মিনিটে প্রথমে শট নেন হুলিয়ান আলভারেজ, কিন্তু অস্ট্রিয়ার গোলরক্ষক আলেকজান্ডার শ্লাগার তা ঠেকিয়ে দেন। ফিরতি বলে শট নেন মেসি, সেটিও রুখে দেয় অস্ট্রিয়ার রক্ষণ। তবে তৃতীয় চেষ্টায় আর ভুল করেননি আর্জেন্টাইন অধিনায়ক।

ব্রুনোর প্রতিক্রিয়া

ব্রুনো তখন ঘটনাস্থল থেকে মাত্র কয়েক মিটার দূরে ছিলেন। গোল হতেই তিনি নিজেকে আর সামলাতে পারেননি। টিওয়াইসিতে লেখেন, ‘পাগলের মতো চিৎকার করে উঠি, যেন আমি কোনো সাংবাদিক নই, আর্জেন্টিনারই একজন সমর্থক।’এরপরই ঘটে চমকপ্রদ সেই ঘটনা। ব্রুনোর ভাষায়, ‘দেখি লিও আমার দিকে এগিয়ে আসছে। আমি তখনো চিৎকার করছি, আর সে আমার দিকে তাকিয়ে আছে। কাছে এসে আমার সঙ্গে হাত মিলিয়ে উদযাপন করল।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঘটনার পরপরই স্টেডিয়ামে দাঁড়িয়ে টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া প্রতিক্রিয়ায় ব্রুনো বলেন, ‘এখনো কাঁপছি, পুরোপুরি স্বাভাবিক হতে পারিনি। লিও এসে এখানে দ্বিতীয় গোল উদযাপন করল, আমাকে চিৎকার করতে দেখে হাত মেলাল। বিশ্বাস করতে পারছি না। এটা আমার সাংবাদিক জীবনের সেরা দিনগুলোর একটি।’

কিছুক্ষণ পর সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি আরও লেখেন, ‘একজন আর্জেন্টাইন ফুটবলপ্রেমী, একজন মেসি ভক্তের জন্য এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। এই মুহূর্ত আর সেই ছবিটা আমি সারা জীবন মনে রাখব।’

ছবির সন্ধানে

তবে তখনো একটি দুশ্চিন্তা ছিল তাঁর—সেই মুহূর্তের ছবি আদৌ পাওয়া যাবে তো? তাই সহকর্মীদের কাছে অনুরোধ করেছিলেন, ‘ছবিটা দরকার আমার, ছবিটা থাকতেই হবে।’ সৌভাগ্যবশত ফটোগ্রাফাররা মুহূর্তটি ক্যামেরাবন্দী করেছিলেন। ঘটনার পাঁচ মিনিটের মধ্যেই তাঁর ফোনে অসংখ্য বার্তা আসতে শুরু করে। সবাই তাঁকে সেই ছবিটিই পাঠাচ্ছিলেন।

হোয়াকিন ব্রুনো কে?

টিওয়াইসি স্পোর্টসের পরিচিত মুখ হোয়াকিন ব্রুনো। সাংবাদিকতা শুরু করেন আর্জেন্টাইন ক্লাব রেসিংয়ের খবর কাভার করে। পরে তিনি জনপ্রিয় ফুটবল বিশ্লেষণমূলক অনুষ্ঠান ‘প্রেসিওন আলতা’র প্যানেলিস্ট হিসেবেও পরিচিতি পান। এবারের বিশ্বকাপে টিওয়াইসি স্পোর্টসের হয়ে আর্জেন্টিনা দলের মিনিটে-মিনিটে কভারেজ করছেন ব্রুনো। তবে বিশ্বকাপের সবচেয়ে স্মরণীয় মুহূর্তটি সম্ভবত কোনো সংবাদ প্রতিবেদনে নয়, ধরা থাকবে একটি ছবিতে—যেখানে গোল করার পর বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি এগিয়ে যাচ্ছেন তাঁর দিকেই।