কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। তিনি বাংলা সাহিত্যের এমন এক জ্যোতিষ্ক, যাঁর সৃষ্টির পরিধি বিশাল ও বহুমাত্রিক। কবিতা, গান, উপন্যাস, ছোটোগল্প, নাটক, প্রবন্ধ, চিঠিপত্র ও অভিভাষণ—সাহিত্যের প্রতিটি শাখায় তিনি স্বতন্ত্র ও অবিস্মরণীয় স্বাক্ষর রেখে গেছেন। নজরুল মূলত সাম্য, মানবতা, বিদ্রোহ ও প্রেমের কবি। তাঁর কালজয়ী সাহিত্যকর্মকে বিশ্বদরবারে পৌঁছে দেওয়ার প্রধান মাধ্যম হলো মানসম্মত ও বস্তুনিষ্ঠ অনুবাদ। নজরুল সাহিত্যের যথাযথ মূল্যায়ন ও বৈশ্বিক প্রতিষ্ঠায় অনুবাদের কোনো বিকল্প নেই। দুর্ভাগ্যবশত, বিশ্বসাহিত্যে নজরুলের সমসাময়িক অনেক লেখক অনূদিত হয়ে আন্তর্জাতিক স্বীকৃতি পেলেও নজরুল উপেক্ষিত রয়ে গেছেন। তাঁর সাহিত্যের গভীরতা ও বৈশ্বিক আবেদনের তুলনায় আন্তর্জাতিক পরিমণ্ডলে নজরুলের পরিচিতি সীমিত। তাই নজরুল সাহিত্যের বিশ্বায়নে অনুবাদের প্রয়োজনীয়তা আজ ঐতিহাসিক দাবি।
অনুবাদে বাধা ও প্রাতিষ্ঠানিক উদ্যোগের অভাব
নজরুল সাহিত্যের অনুবাদ কাঙ্ক্ষিত পর্যায়ে না পৌঁছানোর পেছনে সবচেয়ে বড়ো কারণ প্রাতিষ্ঠানিক উদ্যোগ ও সুনির্দিষ্ট রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার অভাব। যেকোনো ক্লাসিক সাহিত্য অন্য ভাষায় রূপান্তরের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা, দক্ষ অনুবাদক প্যানেল ও পর্যাপ্ত তহবিল প্রয়োজন। কিন্তু বাংলাদেশে এই ধরনের প্রাতিষ্ঠানিক আয়োজন অপ্রতুল। বিগত দশকগুলোতে যা কিছু অনুবাদ হয়েছে, তা অনুবাদকদের ব্যক্তিগত আগ্রহ ও শ্রমের ফসল। প্রাতিষ্ঠানিক সমন্বয় না থাকায় ব্যক্তিগত প্রচেষ্টায় সীমাবদ্ধতা দেখা গেছে। অনুবাদকেরা নিজেদের পছন্দের নির্দিষ্ট কবিতা বা টেক্সট বারবার অনুবাদ করেছেন। ফলে 'বিদ্রোহী' বা 'কামাল পাশা'র মতো জনপ্রিয় কবিতা একাধিকবার অনূদিত হলেও নজরুলের গদ্যসাহিত্য, নাটক, চিঠি ও ভাষণ অগোচরে থেকে গেছে। প্রাতিষ্ঠানিক তদারকি না থাকায় অনুবাদের মান আন্তর্জাতিক মানদণ্ড স্পর্শ করতে পারেনি। সুনির্দিষ্ট অনুবাদ নীতিমালার অভাব স্পষ্ট। তবে এই স্থবিরতার বৃত্তে আশার আলো দেখা যায় ২০২৫ সালে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের উদ্যোগে নজরুল সাহিত্যকর্মের ইংরেজি অনুবাদের বিশেষ কমিটি গঠন করা হয়। এই কমিটিতে সদস্য হিসেবে মনোনয়ন পাওয়ার সুবাদে নজরুল সাহিত্যকর্মকে নতুন করে অনুবাদ ও প্রাতিষ্ঠানিক কাঠামোয় কাজের সুযোগ তৈরি হয়। এই উদ্যোগ নজরুল সাহিত্যের অনুবাদে নতুন যুগের সূচনা করেছে।
চিঠিপত্র অনুবাদ: ব্যক্তি নজরুলের আবিষ্কার
করোনা মহামারির আগে আমি নজরুলের চিঠিপত্র অনুবাদের কাজ শুরু করি। এই প্রক্রিয়া ছিল বিস্ময় ও আবিষ্কারের। নজরুলের কবিতা ও গানে অমিত তেজ ও বিদ্রোহ দেখা যায়, কিন্তু চিঠিপত্রে পাওয়া যায় সংবেদনশীল ও রক্তমাংসের মানুষ। চিঠিপত্রে ব্যক্তি নজরুলের প্রতিফলন অনন্য। তাঁর চিঠিপত্র সমকালীন জীবনযাত্রা ও ভেতরের লড়াইয়ের জীবন্ত দলিল। অনুবাদ করতে গিয়ে নজরুলের জীবনের গুরুত্বপূর্ণ দিক গভীরভাবে উপলব্ধি করি। দারিদ্র্যের কশাঘাত, সন্তানের অকাল মৃত্যু ও গভীর মানসিক বেদনা ফুটে ওঠে। একই সঙ্গে নজরুলের রোমান্টিক সত্তা, প্রেম ও বিরহের আকুলতা এবং প্রকাশক ও রাজনৈতিক নেতৃত্বের সাথে জটিল সম্পর্ক চিঠিপত্রে চমৎকারভাবে উঠে এসেছে।
নজরুলের চিঠিপত্রের গদ্য অত্যন্ত তাৎক্ষণিক, আবেগঘন ও নিজস্ব ভাষাভঙ্গিতে সমৃদ্ধ। তিনি আঞ্চলিক শব্দ, সমকালীন রূপক ও নিজস্ব বাচনভঙ্গি ব্যবহার করেছেন। এই গদ্যের নিজস্বতা অনুবাদে ধরে রাখা জটিল। আমার মূল লক্ষ্য ছিল 'ইকুইভ্যালেন্স' বা সমার্থকতা বজায় রাখা। ইংরেজিতে রূপান্তরের সময় নজরুলের মূল ভাব, কণ্ঠস্বরের তীব্রতা ও আবেগ যেন না হারায়—সেদিকে নজর রাখতে হয়েছে। আক্ষরিক অনুবাদ পরিহার করে ভাবগত ও কাঠামোগত সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা ছিল।
'মৃত্যুক্ষুধা' উপন্যাসের অনুবাদ: সাংস্কৃতিক অভিযোজন
'কুইন্টইসেন্স অব নজরুল' নামে নজরুল সাহিত্যকর্মের বিশেষ বাছাই সংস্করণ প্রকাশের সিদ্ধান্ত হয়। এই সংকলনে নজরুলের কালজয়ী উপন্যাস 'মৃত্যুক্ষুধা' অনুবাদের দায়িত্ব আমার ওপর অর্পিত হয়। 'মৃত্যুক্ষুধা' সমাজমনস্ক ও বাস্তবতাবাদী উপন্যাস, যেখানে তৎকালীন নদীয়া অঞ্চলের মুসলিম নিম্নবিত্ত সমাজের দারিদ্র্য, ধর্মীয় গোঁড়ামি, কুসংস্কার ও বেঁচে থাকার লড়াই চিত্রিত। অনুবাদে সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ ছিল কালচারাল এডাপ্টেশান ও এল্যুশানের ব্যবহার।
উপন্যাসের চরিত্রগুলোর ভাষা স্থানীয় উপভাষা ও ইসলামি-বাংলা সংস্কৃতির মিশ্রণ। অনেক শব্দ, প্রবাদ ও সামাজিক আচার-অনুষ্ঠান পশ্চিমা সংস্কৃতির বাইরে। রান্নাঘরের তৈজসপত্র, গ্রামীণ খাদ্যসামগ্রী বা ধর্মীয় রীতিনীতিকে ইংরেজিতে রূপান্তরে আক্ষরিক শব্দ বসালে মূল রস নষ্ট হয়। তাই সাংস্কৃতিক রূপান্তর করতে হয়েছে, যাতে ইংরেজি পাঠক শব্দের ভেতরের সাংস্কৃতিক আবহ বুঝতে পারেন। অন্যদিকে, নজরুল ধর্মীয়, ঐতিহাসিক ও পৌরাণিক অ্যাল্যুশন ব্যবহার করেছেন। ক্যালিফোর্নিয়া, আরব ও পারস্যের ইতিহাস, কোরআন-হাদিস ও হিন্দু পুরাণের রূপক চরিত্রের মনস্তত্ত্ব বোঝাতে। বিদেশি পাঠকের পক্ষে দ্বি-সাংস্কৃতিক এল্যুশান বোঝা কঠিন। তাই অনুবাদে এমন শব্দচয়ন করতে হয়েছে যা অন্তর্নিহিত অর্থ স্পষ্ট করে, এবং ক্ষেত্রবিশেষে টীকা বা ফুটনোটের সাহায্য নিতে হয়েছে।
ছোটগল্প ও ভাষণ অনুবাদ: এসেন্স ও ডায়নামিক ইকুইভ্যালেন্স
নজরুলের গল্প বাংলা কথাসাহিত্যে অনন্য সংযোজন। 'ব্যথার দান', 'রিক্তের বেদন' বা 'শিউলি মালা'য় রোমান্টিকতা ও বাস্তবতার অপূর্ব সমন্বয়। গল্পের গদ্যভাষা অত্যন্ত কাব্যিক, ছন্দোময় ও আলংকারিক। অনুবাদে সাধারণ বা যান্ত্রিক পদ্ধতি খাটানো অসম্ভব। প্রধান চ্যালেঞ্জ গল্পের 'এসেন্স' বা মূল নির্যাস ধরে রাখা। নজরুলের বাক্য গঠনের আবেগীয় গতিশীলতা ইংরেজিতে রূপান্তরে বাক্য বড় হয়ে যায় বা নান্দনিকতা নষ্ট হয়। তাই শব্দে শব্দে অনুবাদের চেয়ে কাব্যিক গদ্যের মেজাজ বা টোন ধরে রাখা জরুরি। এসেন্স অক্ষুণ্ন রাখা ছাড়া নজরুলের গল্প অনুবাদে চমকপ্রদ কিছু করা প্রায় অসম্ভব, কারণ মূল লেখার সৌন্দর্য নিজস্ব গদ্যরীতির মধ্যে নিহিত।
নজরুল সমাজ ও রাজনীতির অগ্রগামী কণ্ঠস্বর। বিভিন্ন সভায় তাঁর ভাষণ, প্রতিভাষণ ও অভিভাষণ (যেমন 'যুগবাণী', 'রাজবন্দীর জবানবন্দী', 'অনিল-স্মরণ') বাংলা প্রবন্ধ সাহিত্যের অমূল্য সম্পদ। অনুবাদে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হয়েছে। ভাষণগুলো আপাতদৃষ্টিতে সংক্ষিপ্ত হলেও থিমে গভীর, তাত্ত্বিক ও রাজনৈতিকভাবে সচেতন। নজরুল প্রাচীন ঐতিহ্য থেকে সমকালীন বৈশ্বিক রাজনীতি সবকিছুকে এক সুতোয় বাঁধেন। অনুবাদে 'ডায়নামিক ইকুইভ্যালেন্স' বা গতিশীল সমার্থকতা তত্ত্ব সবচেয়ে জরুরি। এর মূল কথা: অনূদিত টেক্সট পাঠকের মনে ঠিক সেই ধরনের মানসিক ও আবেগীয় প্রতিক্রিয়া তৈরি করবে, যা মূল টেক্সট তার নিজস্ব ভাষার পাঠকের মনে তৈরি করেছিল। নজরুলের তীব্র দেশপ্রেম, অন্যায়ের বিরুদ্ধে গর্জন ও সাম্যের ডাককে ইংরেজিতে সমানভাবে প্রভাবশালী করতে তাঁর 'ইন্টেন্ট' বোঝা গুরুত্বপূর্ণ। তিনি কেন শব্দ ব্যবহার করলেন, তাঁর অবদমিত ক্ষোভ বা আশাবাদের জায়গা কোনটি—তা না বুঝে ভাষণ অনুবাদ করলে তা শুষ্ক রাজনৈতিক শব্দের সমষ্টিতে পরিণত হওয়ার ঝুঁকি থাকে।
নাটক অনুবাদ: দেশজ উপাদান ও কালচারাল এডাপ্টেশান
নজরুলের নাটক ও নাটিকা (যেমন 'ঝিলিমিলি', 'আলেয়া', 'মধুমালা') সাহিত্যের জটিল ও ভিন্নধর্মী এলাকা। নাটকের ভাষা কাব্যিক, গীতিময় ও লোকজ উপাদানে ভরপুর। সংলাপের গতি ও নাটকীয়তা অন্য ভাষায় রূপান্তর বড় পরীক্ষা। নাটক অনুবাদে দুটি বিষয়ে মনোযোগ দিতে হয়েছে: দেশজ উপাদান ও কালচারাল এডাপ্টেশান। নজরুলের নাটকে বাংলার গ্রামীণ সমাজ, লোকগাথা, মেলা, পার্বণ ও লোকসংগীতের প্রচুর ব্যবহার। এসব দেশজ উপাদানের অনেকটির সরাসরি ইংরেজি প্রতিশব্দ নেই। আবার, সংলাপ অনূদিত ভাষায় পড়ার সময় কৃত্রিম বা আড়ষ্ট শোনালে নাটকের মূল আবেদন নষ্ট হয়। তাই সংলাপে কালচারাল এডাপ্টেশান এমনভাবে করতে হয়েছে যেন ইংরেজি সংলাপেও নজরুলের চরিত্রের আবেগ, রাগ বা উপহাসের সুর স্বতঃস্ফূর্তভাবে ফুটে ওঠে।
উপসংহার: স্থায়ী অনুবাদ প্রক্রিয়ার প্রয়োজন
নজরুল সাহিত্যের সামগ্রিক অনুবাদ প্রক্রিয়া বিশ্লেষণ করলে দেখা যায়, চিঠিপত্রে ব্যক্তি নজরুলের ট্র্যাজেডি প্রকাশে ফরমাল ও ইনফরমাল গদ্যের সামঞ্জস্য রক্ষা জরুরি। উপন্যাসে প্রয়োজন আঞ্চলিক উপভাষা ও বহু-সাংস্কৃতিক এল্যুশানের গভীর কালচারাল এডাপ্টেশান, ছোটগল্পে আক্ষরিকতা পরিহার করে টেক্সটের 'এসেন্স' রক্ষা, ভাষণ ও প্রবন্ধে নজরুলের 'ইন্টেন্ট' বুঝে 'ডায়নামিক ইকুইভ্যালেন্স' প্রয়োগ, এবং নাটক ও নাটিকায় দেশজ উপাদানের যথোপযুক্ত রূপান্তর। ২০২৫ সালে নজরুল ইনস্টিটিউটের উদ্যোগ প্রশংসনীয়, তবে এটিকে স্থায়ী ও চলমান প্রক্রিয়ায় রূপ দিতে হবে। নজরুল সাহিত্যের বিশ্বস্ত ও মানসম্মত অনুবাদের জন্য নজরুল ইনস্টিটিউট বা বাংলা একাডেমির অধীনে স্থায়ী অনুবাদ সেল গঠন করা উচিত, যেখানে দেশ-বিদেশের ভাষাবিদ ও অনুবাদকেরা নিয়মিত কাজ করবেন। তরুণ অনুবাদকদের উৎসাহিত করতে নজরুল সাহিত্য অনুবাদের ওপর বিশেষ ফেলোশিপ ও কর্মশালার আয়োজন প্রয়োজন। একই সঙ্গে, অনূদিত গ্রন্থ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রকাশনী থেকে প্রকাশ ও বিশ্বজুড়ে পরিবেশনের জন্য কূটনৈতিক ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ নিতে হবে।
নজরুল যে সাম্যবাদ, অসাম্প্রদায়িকতা ও বিশ্বমানবতার কথা বলে গেছেন, আজকের যুদ্ধ বিক্ষুব্ধ ও বিভক্ত পৃথিবীতে তার প্রাসঙ্গিকতা অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি। নজরুলকে কেবল বাঙালির কবি হিসেবে বন্দি না রেখে বিশ্ববাসীর কাছে তুলে ধরার সুযোগ ২০২৫ সালের কমিটির মাধ্যমে তৈরি হয়েছে, তা যেন বিন্দুমাত্র ম্লান না হয়। অনুবাদক হিসেবে আমাদের কাজ নজরুলের অম্লান চেতনাকে অন্য ভাষার পাঠকদের হৃদয়ে জ্বেলে দেওয়া। নজরুল সাহিত্যের সঠিক ও মানসম্মত অনুবাদই হবে এই মহান কবির প্রতি আমাদের শ্রেষ্ঠ প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত শ্রদ্ধাঞ্জলি।



