বগুড়ায় নতুন চার ইউনিয়নের নামকরণ ঘিরে বিতর্ক ও নানা অভিযোগ
বগুড়ায় নতুন ৪ ইউনিয়নের নামকরণ ঘিরে বিতর্ক

বগুড়ার শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলায় নতুন চারটি ইউনিয়নের নামকরণকে ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। এই বিতর্ক শুধু বগুড়াতেই সীমাবদ্ধ নেই; বরং গোটা দেশে ছড়িয়ে পড়েছে। জেলা প্রশাসকের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সম্প্রতি শিবগঞ্জ উপজেলায় পাঁচটি এবং মোকামতলা উপজেলায় আটটি ইউনিয়নের প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, শিবগঞ্জ উপজেলায় গঠিত নতুন ইউনিয়নের নাম ‘মীরবাড়ী ইউনিয়ন’। অন্যদিকে, নবগঠিত মোকামতলা উপজেলায় নতুন তিনটি ইউনিয়নের নাম ‘সীমান্ত ইউনিয়ন’, ‘দিগন্ত ইউনিয়ন’ এবং ‘স্বর্ণগ্রাম ইউনিয়ন’ রাখা হয়েছে।

প্রজ্ঞাপন জারির পর বিষয়টি জনসমক্ষে আসলে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয়। অভিযোগ উঠেছে, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী মীর শাহে আলম তার পৈতৃক বাড়ি ‘মীরবাড়ী’র নামে শিবগঞ্জ উপজেলার নতুন ইউনিয়নের নামকরণ করেছেন। এছাড়া তার দুই ছেলে মীর শাকরুল আলম সীমান্ত ও মীর সাকলাইন আলম দিগন্তের নামানুসারে মোকামতলা উপজেলায় ‘সীমান্ত ইউনিয়ন’ ও ‘দিগন্ত ইউনিয়ন’ গঠন করা হয়েছে। আরও অভিযোগ রয়েছে, প্রতিমন্ত্রীর মেয়েকে পরিবারে ‘স্বর্ণ’ বলে ডাকা হয়, তাই মেয়ের নামানুসারে মোকামতলায় ময়দানহাট্টা ইউনিয়ন ভেঙে ‘স্বর্ণগ্রাম’ ইউনিয়ন তৈরি করা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্থানীয় সূত্রে তথ্য

এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, গত ৩ জুন শিবগঞ্জ উপজেলার এক সভায় বিএনপির এক নেতা ইউনিয়নগুলোর নামকরণের প্রস্তাব করলে সভায় সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়। পরে উপজেলা প্রশাসন থেকে নামগুলো লিখিত প্রস্তাব আকারে জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়। জেলা প্রশাসক ১১ জুন ‘মীরবাড়ি ইউনিয়ন’ এবং ১৪ জুন ‘সীমান্ত ইউনিয়ন’, ‘দিগন্ত ইউনিয়ন’ ও ‘স্বর্ণগ্রাম ইউনিয়ন’ নামে গেজেট জারি করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গণশুনানি টিমের বক্তব্য

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় নতুন চারটি ইউনিয়ন গঠনে গণশুনানি টিমের প্রধান ও উপজেলা নির্বাচন কর্মকর্তা শাখাওয়াত হোসেন দাবি করেন, তারা এলাকাগুলোতে নিরপেক্ষভাবে গণশুনানি পরিচালনা করেছেন। শুনানিতে অংশগ্রহণকারীদের দলীয় পরিচয় বিবেচনা করা হয়নি। তিনি আরও বলেন, ইউনিয়নের নামকরণের ব্যাপারে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জেলা বা উপজেলা প্রশাসনের কোনো প্রভাব ছিল না।

প্রতিমন্ত্রীর পৈতৃক বাড়ি মীরবাড়ীর নামে ইউনিয়নের নামকরণ করা হয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে উপজেলা নির্বাচন কর্মকর্তা বলেন, ওই এলাকায় মীরবাড়ী নামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভোট কেন্দ্র রয়েছে। এর নামানুসারে ‘মীরবাড়ী’ ইউনিয়ন গঠনের প্রস্তাব পাওয়া গিয়েছিল।

তবে গণশুনানিতে কে এসব নামকরণের প্রস্তাব করেছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য কেউ দিতে রাজি হননি।

স্থানীয় নেতাদের মতামত

শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান বলেন, ‘প্রতিমন্ত্রীর ছেলে ও বাড়ির নামে ইউনিয়ন পরিষদ করায় এলাকার মানুষ খুশিই হয়েছেন। ছেলের বা বাড়ির নামে ইউনিয়নের নাম করায় দোষের কিছু নয়, বরং ভালো হয়েছে।’

শিবগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহাবুব আলম মানিক জানান, ওই চার ইউনিয়নের নামকরণের প্রস্তাব তিনি এবং আরও অনেকে করেছেন। সেখানে কারো নামের সঙ্গে করা হয়নি; বরং এলাকার সঙ্গে সঙ্গতি রেখে এসব নামকরণের প্রস্তাবনা করা হয়েছে।

প্রশাসনের ব্যাখ্যা

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ডিও লেটার পাওয়ার পর শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করে চারটি নতুন ইউনিয়ন গঠনের উদ্যোগ নেওয়া হয়। ইউনিয়নগুলোর নামকরণের আগে এলাকাবাসীর মতামত গ্রহণের জন্য গণশুনানি অনুষ্ঠিত হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তার নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি বিধিমোতাবেক গণশুনানি করে। সেখানে মোকামতলা উপজেলায় দেউলী ইউনিয়ন ভেঙে দুটি ইউনিয়ন করা হয়েছে। এ কারণে দেউলী নামের সঙ্গে সামঞ্জস্য রেখে ‘দিগন্ত ইউনিয়ন’ নামকরণ করা হয়েছে। এছাড়া সৈয়দপুর ইউনিয়ন পার্শ্ববর্তী সোনাতলা ও গাবতলী উপজেলার সীমান্তবর্তী এলাকায় হওয়ায় এ ইউনিয়ন ভেঙে ‘সীমান্ত ইউনিয়ন’ নামকরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, শুনানি অনুসারে নিয়ম মেনে ‘মীরবাড়ী’ ইউনিয়নের নামকরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা দাবি করেন, চারটি ইউনিয়নের নামকরণের ব্যাপারে প্রতিমন্ত্রীর কোনো প্রভাব বা নির্দেশনা ছিল না।

বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, নতুন ইউনিয়নের নামকরণের প্রস্তাব এসেছে উপজেলা প্রশাসন থেকে। প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে শিবগঞ্জ উপজেলায় একটি ও মোকামতলা উপজেলায় নতুন তিনটি ইউনিয়ন পরিষদ গঠন করে গেজেট প্রকাশ করা হয়েছে। কোনো ব্যক্তি বা তার বংশের নামানুসারে নতুন ইউনিয়নের নামকরণের প্রস্তাব উপজেলা প্রশাসন থেকে এলে এ বিষয়ে জেলা প্রশাসনের কিছু করার নেই।

তিনি আরও বলেন, ইউনিয়নের নামকরণের ব্যাপারে প্রতিমন্ত্রীর প্রভাব ছিল কিনা তা জানা নেই। তবে উপজেলার চিঠির আলোকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রতিমন্ত্রীর বক্তব্য

এ ব্যাপারে প্রতিমন্ত্রী মীর শাহে আলম দাবি করেছেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই নতুন ইউনিয়নগুলোর নামকরণ করা হয়েছে। স্থানীয়ভাবে জনগণের গণশুনানি ও মতামতের ভিত্তিতে উপজেলা এবং জেলা প্রশাসন যথাযথ আইন মেনে শিবগঞ্জ উপজেলায় একটি ও মোকামতলা উপজেলায় তিনটি নতুন ইউনিয়ন পরিষদের নামকরণ করেছে।

তিনি বলেন, তার দুই ছেলের নাম মীর সীমান্ত ও মীর দিগন্ত। কেউ কেউ তার ছেলেদের নামের সঙ্গে নতুন ইউনিয়নের নামকরণের সামঞ্জস্য খোঁজার চেষ্টা করছেন। এটা মোটেও সঠিক নয় এবং বিষয়টি সম্পর্কে তিনি আগে থেকে অবগত ছিলেন না। এ ব্যাপারে তার কোনো ভূমিকা ছিল না। তিনি এসব প্রশ্নের উত্তর সংসদে দিয়েছেন বলে জানিয়েছেন।