বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় নবগঠিত চারটি ইউনিয়নের মধ্যে তিনটির নামকরণ নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে। নামগুলো স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মীর শাহে আলমের দুই ছেলে ও তার পৈতৃক বাড়ির নামে করায় এ সমালোচনা হচ্ছে। এ নিয়ে সোমবার জাতীয় সংসদে প্রতিমন্ত্রী বলেছেন, ‘এটা মিরাকল।’ তবে প্রশাসন বলছে, ‘গঠিত কমিটি গণশুনানি শেষে জেলা প্রশাসকের কাছে সুপারিশ করলে গেজেট প্রকাশ হয়।’
নতুন ইউনিয়ন গঠন ও নামকরণ
গত ১১ জুন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে শিবগঞ্জ উপজেলার পাঁচটি এবং মোকামতলা উপজেলার আটটি ইউনিয়নের প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করা হয়। এতে শিবগঞ্জ এবং নবঘোষিত মোকামতলা উপজেলায় নতুন চারটি ইউনিয়ন গঠন করে সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়। এই প্রজ্ঞাপন গত রবিবার প্রকাশিত হয়। এর মধ্যে শিবগঞ্জ উপজেলায় ‘মীরবাড়ি’ নামে নতুন ইউনিয়ন পরিষদ গঠন করা হয়েছে। পাশাপাশি নবঘোষিত মোকামতলা উপজেলায় গঠিত নতুন তিনটি ইউনিয়নের নামকরণ করা হয়েছে ‘সীমান্ত ইউনিয়ন’, ‘দিগন্ত ইউনিয়ন’ এবং ‘স্বর্ণগ্রাম ইউনিয়ন’।
স্থানীয়দের অভিযোগ
স্থানীয় লোকজন জানিয়েছেন, প্রতিমন্ত্রী এবং বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মীর শাহে আলমের দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে তিন ইউনিয়নের নামকরণ করা হয়েছে। স্থানীয় এক সাংবাদিক জানিয়েছেন, শুধু ছেলেদের নামে নয়, লন্ডনে থাকা ভাতিজির নামেও ইউনিয়নের নামকরণ করা হয়েছে। প্রতিমন্ত্রীর ভাতিজিকে স্বর্ণ বলে ডাকা হয়। তাই তার নামানুসারে মোকামতলায় ময়দানহাট্টা ইউনিয়ন ভেঙে ‘স্বর্ণগ্রাম’ ইউনিয়ন নামকরণ হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিমন্ত্রী এবং বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মীর শাহে আলম তার পৈতৃক বাসভবন ‘মীরবাড়ীর’ নামে শিবগঞ্জ উপজেলার নতুন ইউনিয়নের নামকরণ করেছেন। অন্যদিকে তার দুই ছেলে মীর শাকরুল আলম সীমান্ত এবং মীর সাকলাইন আলম দিগন্তের নামানুসারে মোকামতলা উপজেলার দুটি ইউনিয়নের নামকরণ করা হয়।
প্রশাসনের ব্যাখ্যা
শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় নতুন চারটি ইউনিয়ন গঠনে গণশুনানি টিমের প্রধান উপজেলা নির্বাচন কর্মকর্তা শাখাওয়াত হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, তারা এলাকাগুলোতে নিরপেক্ষভাবে গণশুনানি করেছেন। সেখানে অধিকাংশ জনগণের মতামতের ভিত্তিতে ‘মীরবাড়ি’, ‘সীমান্ত’, ‘দিগন্ত’ ও ‘স্বর্ণগ্রাম’ ইউনিয়ন নামকরণের প্রস্তাব পেয়েছেন। এর পরিপ্রেক্ষিতে তারা ওই চারটি নামে ইউনিয়ন পরিষদের নামকরণের প্রস্তাব করেছেন। শুনানিতে অংশগ্রহণকারীরা কে কোন দল করেন তা বিবেচনা করা হয়নি। এ ছাড়া ইউনিয়নের নামকরণের ব্যাপারে প্রতিমন্ত্রী, জেলা বা উপজেলা প্রশাসনের কোনও প্রভাব ছিল না।
প্রতিমন্ত্রীর পৈতৃক বাড়ি মীরবাড়ীর নামে ইউনিয়নের নামকরণ করা হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে উপজেলা নির্বাচন কর্মকর্তা বলেন, ‘ওই এলাকায় মীরবাড়ি নামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভোটকেন্দ্র রয়েছে। এর নামানুসারে মীরবাড়ী ইউনিয়ন গঠনের প্রস্তাব পেয়েছিলাম আমরা।’
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ডিও লেটার (আধা সরকারি পত্র) পাওয়ার পর দুই উপজেলার প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করে চারটি নতুন ইউনিয়ন গঠনের জন্য উদ্যোগ নেওয়া হয়। নামকরণের আগে এলাকাবাসীর মতামত গ্রহণের জন্য গণশুনানি করা হয়। সেখানে মোকামতলা উপজেলায় দেউলী ইউনিয়ন ভেঙে দুটি ইউনিয়ন করা হয়েছে। এ কারণে দেউলী নামের সঙ্গে সামঞ্জস্য রেখে দিগন্ত ইউনিয়ন নামকরণ করা হয়েছে। এ ছাড়া সৈয়দপুর ইউনিয়ন সোনাতলা ও গাবতলী উপজেলার সীমান্তবর্তী এলাকায় হওয়ায় এ ইউনিয়ন ভেঙে সীমান্ত ইউনিয়ন নামকরণ করা হয়েছে।’
তিনি বলেন, ‘ইউনিয়নগুলোর নামকরণের আগে এলাকাবাসীর মতামত গ্রহণের জন্য গণশুনানি অনুষ্ঠিত হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তার নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এ কমিটি বিধি মোতাবেক গণশুনানি করে। চারটি ইউনিয়নের নামকরণের ব্যাপারে প্রতিমন্ত্রীর প্রভাব বা নির্দেশনা ছিল না।’
এ ব্যাপারে জানতে চাইলে বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, ‘নতুন ইউনিয়নগুলোর নামকরণের প্রস্তাব এসেছে উপজেলা প্রশাসন থেকে। প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে শিবগঞ্জ উপজেলায় একটি ও মোকামতলা উপজেলায় নতুন তিনটি ইউনিয়ন পরিষদ গঠন করে গেজেট প্রকাশ করা হয়েছে। কোনও ব্যক্তি বা তার বংশের নামানুসারে নতুন ইউনিয়নের নামকরণের প্রস্তাব উপজেলা প্রশাসন থেকে এলে এই বিষয়ে জেলা প্রশাসনের কোনও কিছু করার থাকে না। নামকরণের ব্যাপারে প্রতিমন্ত্রীর প্রভাব ছিল কিনা, তা আমার জানা নেই। তবে উপজেলার চিঠির আলোকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।’
প্রতিমন্ত্রীর বক্তব্য
এ বিষয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলম দাবি করেছেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই নতুন ইউনিয়নগুলোর নামকরণ করা হয়েছে। স্থানীয়ভাবে জনগণের গণশুনানি ও মতামতের ভিত্তিতে উপজেলা এবং জেলা প্রশাসন যথাযথ আইন মেনে শিবগঞ্জ উপজেলায় একটি ও মোকামতলা উপজেলায় তিনটি নতুন ইউনিয়ন পরিষদের নামকরণ করেছে।’ তিনি জানান, তার দুই ছেলের নাম মীর সীমান্ত ও মীর দিগন্ত। কেউ কেউ তার ছেলেদের নামের সঙ্গে নতুন ইউনিয়নের নামকরণের সামঞ্জস্য খোঁজার চেষ্টা করছেন। এটা মোটও সঠিক নয়। অলৌকিকভাবে ছেলেদের নামের সঙ্গে মিলে গেছে। বিষয়টি সম্পর্কে তিনি আগে থেকে জানতেন না। তার কোনও ভূমিকা ছিল না।



