সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সহপাঠীদের সঙ্গে সাঁতার কেটে খরস্রোতা জাদুকাটা নদী পাড়ি দিতে গিয়ে আবু সুফিয়ান (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিখোঁজের বিবরণ
নিখোঁজ আবু সুফিয়ান সুনামগঞ্জের তাহিরপুরের লাউড়গড়ের সীমান্ত গ্রাম সাহিদাবাদের রবি আউয়ালের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র।
বৃহস্পতিবার রাতে উপজেলার বাদাঘাট ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য রাশিদ মিয়া জাদুকাটা নদীতে ডুবে ওই ছাত্রের নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
ঘটনার সময় কী ঘটেছিল
বৃহস্পতিবার রাতে উপজেলার সাহিদাবাদ গ্রামের লোকজন জানান, বিকালে তিন সহপাঠীসহ আবু সুফিয়ান জাদুকাটা নদীর পূর্বপাড় থেকে নদীর পশ্চিমপাড় বারেকটিলার শূন্য রেখার ১২০৩ মেইন পিলারের নিচে পৌঁছানোর জন্য সাঁতরে পাড়ি দিতে নদীতে নামে। তিন সহপাঠী সাঁতরে জাদুকাটার পশ্চিমপাড়ে বারেকটিলার নিচে পৌঁছলেও আবু সুফিয়ান নদীর পানিতে ডুবে নিখোঁজ হয়।
উদ্ধার তৎপরতা
খবর পেয়ে পরিবার ও গ্রামবাসী ছোট ছোট নৌকা, ট্রলার নিয়ে নদীতে সন্ধান চালায়। তবে রাত ৯টা পর্যন্ত আবু সুফিয়ানের সন্ধান মেলেনি বলে জানান তার বাবা রবি আউয়াল। স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের সহায়তা চাওয়া হয়েছে বলে জানা গেছে।



