কক্সবাজারে সেতু নির্মাণে মাটিচাপায় দুই শ্রমিকের মৃত্যু
কক্সবাজারে মাটিচাপায় দুই শ্রমিক নিহত

কক্সবাজারে সেতু নির্মাণে মাটিচাপায় দুই শ্রমিকের মৃত্যু

কক্সবাজার সদর উপজেলার দরিয়ানগর এলাকায় সেতু নির্মাণকাজ চলাকালে মাটি ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক শ্রমিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে কক্সবাজারের দরিয়ানগর এলাকায় ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি সেতু নির্মাণ প্রকল্পে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহত অবস্থায় তিন শ্রমিককে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মো. রাকিব ও মো. ইলিয়াসকে মৃত ঘোষণা করেন।

আহত শ্রমিক শাহজাহান কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত ও আহত শ্রমিকরা সবাই চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, লাকী এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কয়েকজন শ্রমিক সেতু নির্মাণকাজের জন্য মাটি কাটছিলেন। এ সময় হঠাৎ করে মাটি ধসে তিন শ্রমিক চাপা পড়েন।

দুর্ঘটনার খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহত দুই শ্রমিকের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাটি ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। নিহতদের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ