রাজধানীর দিয়াবাড়িতে নির্ধারিত স্থানের বাইরে মূল সড়ক দখল করে রাখা কোরবানির পশু সরিয়ে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সোমবার (২৫ মে) হাট পরিদর্শনে গিয়ে বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। পাশাপাশি সতর্ক করা হয় ইজারাদারকে।
সড়কে পশু বেধে রাখায় যান চলাচলে বিঘ্ন
দিয়াবাড়ি হাটের বাইরে উত্তরা সেন্টার মেট্রোরেল স্টেশনের নিচে সড়কে ডাইভারশন দিয়ে পশু বেধে রাখা হয়েছিল। এতে যান চলাচলে বিঘ্ন তৈরি হওয়ার শঙ্কা দেখা দেয়। বিষয়টি নজরে এলে ক্ষোভ প্রকাশ করেন প্রশাসক। পরে দায়িত্বরতদের নিয়ে তিনি মেইন রোড থেকে পশুগুলো সরিয়ে দেন এবং সড়ক চলাচলের জন্য উন্মুক্ত রাখার নির্দেশ দেন।
ইজারাদারকে সতর্ক করা হয়েছে
এ সময় সংশ্লিষ্ট হাটের ইজারাদারকে ঘটনাস্থলে ডেকে এনে ভবিষ্যতে সড়কে পশুর হাট না বসানোর নির্দেশনা দেওয়া হয়। নির্দেশ অমান্য করলে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হবে বলেও সতর্ক করেন প্রশাসক।
গাবতলী ও অন্যান্য হাট পরিদর্শন
এর আগে সকালে গাবতলী পশুর হাট পরিদর্শন করেন ডিএনসিসি প্রশাসক। সেখানে তিনি অতিরিক্ত হাসিল আদায় না করার নির্দেশ দেন এবং হাটের নিরাপত্তা পরিস্থিতির খোঁজখবর নেন।
পরে রাজধানীর ৩০০ ফিট, বেরাইদ ও স্বদেশ প্রপার্টিজ এলাকায় স্থাপিত অস্থায়ী পশুর হাটও পরিদর্শন করেন শফিকুল ইসলাম। ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের চলাচলে যেন যানজট ও ভোগান্তি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন ডিএনসিসি প্রশাসক।



