ফেঞ্চুগঞ্জ সার কারখানায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ২
ফেঞ্চুগঞ্জ সার কারখানায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ২

সিলেটের ফেঞ্চুগঞ্জে অবস্থিত শাহজালাল সার কারখানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২০ মে) দুপুর ১২টার দিকে সার কারখানার ভেতরে এ সংঘর্ষ হয়। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনেছে।

আহত ব্যক্তিরা

আহতরা হলেন মোয়াজ্জেম হোসেন সাহেদ ও আব্দুল হামিদ রাজু। সংঘর্ষের পর সার কারখানা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

ঘটনার পটভূমি

জানা গেছে, দীর্ঘদিন ধরে শাহজালাল সার কারখানায় দুই পক্ষই আধিপত্য বিস্তারের চেষ্টা চালিয়ে আসছে। অ্যামোনিয়া গ্যাস সিলিন্ডারের একাধিক ডিলার থাকলেও নিয়ন্ত্রণ করেন হাতেগোনা কয়েকজন। এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল, যা বুধবার দুপুরে সংঘর্ষে রূপ নেয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আব্দুল হামিদ রাজুর বক্তব্য

আব্দুল হামিদ রাজু জানান, অ্যামোনিয়া গ্যাস সিলিন্ডার ট্রাকে লোড করা হচ্ছিল। এ সময় মোয়াজ্জেম হোসেন সাহেদ তার ২০-২৫ জন দলবল নিয়ে ট্রাকে সিলিন্ডার তুলতে বাধা দেন। সাহেদ তার কাছে চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সাহেদ তার ওপর হামলা চালায়। এতে তার হাত ও মাথায় আঘাত লেগেছে।

মোয়াজ্জেম হোসেন সাহেদের অনুসারীর বক্তব্য

মোয়াজ্জেম হোসেন সাহেদের অনুসারী সাইফুল ইসলাম মিটু মোবাইল ফোনে জানান, রাজু সার কারখানার 'সলিড হ্যান্ডলিং' ঠিকাদার। তিনি অবৈধভাবে সার কারখানার দৈনিক মজুরিতে কাজ করা জনবল দিয়ে 'সলিড হ্যান্ডলিং'-এর কাজ করান এবং অবৈধভাবে বিল তুলে নেন। এ ছাড়া রাজু অ্যামোনিয়া গ্যাস সিলিন্ডারের লোড-আনলোডে চাঁদাবাজি করেন। এর প্রতিবাদ করায় মোয়াজ্জেম হোসেন সাহেদের ওপর হামলা চালানো হয়, ফলে তিনি গুরুতর আহত হন।

কারখানা কর্তৃপক্ষের বক্তব্য

শাহজালাল সার কারখানার উপ-ব্যবস্থাপক (প্রশাসন) হাফিজ উদ্দিন খান বলেন, ঘটনার সময় তিনি বাইরে ছিলেন। তিনি শুনেছেন সার কারখানায় মারামারির ঘটনা ঘটেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ বিষয়ে এখনো থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।