বৃষ্টির জলাবদ্ধতা নিয়ে অপপ্রচার, দাবি প্রতিমন্ত্রীর
বৃষ্টির জলাবদ্ধতা নিয়ে অপপ্রচার, দাবি প্রতিমন্ত্রীর

চট্টগ্রাম নগরে বৃষ্টিতে মঙ্গলবারের জলাবদ্ধতা নিয়ে ফেসবুকে ২০২৩-২৪ সালের ছবি দিয়ে ‘অপপ্রচার’ চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা নিরসনে চলমান মেগা প্রকল্পের কাজ পরিদর্শনের সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রামে প্রতিমন্ত্রী

বৃহস্পতিবার দুপুরে চাক্তাই এলাকায় সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে পাঠিয়েছেন। উনার কাছে যে খবর ছিল চট্টগ্রামে ব্যাপক জলাবদ্ধতা হয়েছে। সোশ্যাল মিডিয়াতে ২০২৩-২৪ সালের বিভিন্ন ছবি দিয়ে একটা অপপ্রচার চালানো হয়েছে যে, চট্টগ্রাম মহানগর পানির মধ্যে ভাসছে। এই খবরে প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে চট্টগ্রাম নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন। তারপরে সংসদেই তার কার্যালয়ে ডেকে উনি আমাকে নির্দেশনা দিয়েছেন যে, আপনি এক্ষুণি চট্টগ্রামে যান। সংশ্লিষ্ট বিভাগগুলোকে নিয়ে বসে কী সমস্যা আছে, সমাধান করে তারপর আপনি ফিরবেন।’

জলাবদ্ধতা ও বাস্তবতা

তিনি বলেন, ‘আমি বুধবার সন্ধ্যায় এসেছি, ঘুরেছি। যেভাবে মিডিয়াতে নিউজ এসেছে, সামাজিক যোগাযোগমাধ্যমেও, এরকম জলাবদ্ধতা আমি এসে দেখিনি। রাতে বলেছি, চট্টগ্রাম পানির মধ্যে ভাসছে না।’ প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আপনারা তো কাল থেকে আমার সঙ্গে ছিলেন। আজকেও আছেন। আপনাদের কাছেও আমি প্রশ্ন রাখতে চাই, আজকে তো কোথাও আপনারা জলাবদ্ধতা দেখেননি। জলাবদ্ধতা কোনটা হবে? তিন-চারদিন ধরে পানি নামছে না। আর যে তিনটি পয়েন্টে সামান্য একটু পানি আটকে ছিল, ওখানে আমাদের কাজ চলমান আছে। ৩৬টি খালের মধ্যে ছয়টির কাজ যে এলাকাগুলোতে চলমান আছে, সেখানে এই জলাবদ্ধতা ছিল একদিন।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি বলেন, ‘এই বর্ষায় আমি চট্টগ্রামবাসীকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এইটুকু আশ্বস্ত করতে পারি যে, ৭০-৮০ ভাগ জলাবদ্ধতা থাকবে না। বাকি যে ১৫-২০ ভাগ থাকবে, এটার জন্য আপনাদের আগামী ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমাদের সময় দিতে হবে যেহেতু প্রকল্পের কাজটি চলমান আছে।’

এ সময় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে, চট্টগ্রাম শহর পানির উপর ভাসছে না, সুন্দর আছে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর এমন বক্তব্যে নগরীর অনেক বাসিন্দা সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করছেন।