ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় মসজিদের অর্থ দিয়ে কোরবানির ছুরি ক্রয় করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ছয় জন আহত হয়েছেন। শুক্রবার (২৯ মে) দুপুরে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের ইছাপুর বাইতুন নুর জামে মসজিদ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ
স্থানীয় সূত্রে জানা গেছে, সফিল উদ্দিন নামে এক ব্যক্তি কোরবানির জন্য মসজিদের টাকায় একটি ছুরি কিনে দেন ইমামকে। অনেকেই বিষয়টি জানতেন না। শুক্রবার জুম্মার নামাজের সময় ছুরি কেনার বিষয় নিয়ে গ্রামের আজিম উদ্দিন গ্রামবাসীকে মসজিদে জানান। এ নিয়ে সফিল ও আজিম উদ্দিনের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে বিষয়টি নিয়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
আহতদের তালিকা
সংঘর্ষে সফিল পক্ষের রহিমা বেগম, শরীফ, শিমুল আক্তার ও নিজাম আলম আহত হন। অপরদিকে আজিম উদ্দিন পক্ষের যদু মিয়া ও হুমায়ুন কবির আহত হয়েছেন।
চিকিৎসা ও পুলিশি ব্যবস্থা
স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গুরুতর আহত যদু মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে নাসিরনগর থানার ওসি মোহাম্মদ শাহিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।



