পশ্চিমবঙ্গের সরকারের পালাবদল হতেই ঈদের ছুটিতে কাটছাঁট করল বিজেপি সরকার। সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ২০২৬ সালের শুরুতে ঈদ উপলক্ষে দুই দিনের ছুটি ঘোষণা করেছিল। তবে সরকার পরিবর্তনের পরপরই নতুন প্রশাসন সেই সিদ্ধান্তে পরিবর্তন আনলো।
নতুন সিদ্ধান্তে একদিনের ছুটি
শনিবার (২৩ মে) রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব পি কে মিশ্র নতুন বিজ্ঞপ্তি জারি করে জানান, কোরবানির ঈদে একদিনই ছুটি থাকবে। আগামী ২৮ মে ঈদ উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই শুভেন্দু অধিকারী একের পর এক প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন।
দুর্নীতি দমন ও কর্মসংস্কৃতি
দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থানের পাশাপাশি সরকারি দপ্তরে কর্মসংস্কৃতি ফিরিয়ে আনতেও জোর দিচ্ছে নতুন সরকার। ফাঁকিবাজি ও অতিরিক্ত ছুটির সংস্কৃতি কমিয়ে দ্রুত জনসেবা নিশ্চিত করার বার্তাও দেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারি কর্মীদের অফিসে উপস্থিতির সময় নিয়েও কড়াকড়ি আরোপ করা হয়েছে।
ছুটির তালিকা পরিবর্তন
সাধারণত বছরের শুরুতেই সরকারি ছুটির তালিকা প্রকাশ করা হয়। সেই অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চলাকালে প্রকাশিত তালিকায় বকরি ঈদের জন্য ২৬ ও ২৭ মে এই দুই দিনের ছুটি রাখা হয়েছিল। তবে শনিবার নতুন বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার জানিয়ে দিয়েছে, কেন্দ্রীয় সরকারের ছুটির তালিকার সঙ্গে সামঞ্জস্য রেখে এবার একদিনের ছুটি রাখা হয়েছে।
এই সিদ্ধান্তের পর সরকারি কর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। অনেকের প্রশ্ন, সামনে দুর্গাপূজার দীর্ঘ ছুটির তালিকাতেও কি কোনো কাটছাঁট আসতে পারে? সূত্র: পুবের কলম।



