সংবিধান বিতর্ক নিয়ে কক্সবাজার বন্ধুসভার পাঠচক্র অনুষ্ঠিত
সংবিধান বিতর্ক নিয়ে কক্সবাজার বন্ধুসভার পাঠচক্র

নতুন সরকার গঠনের পর দেশের রাজনৈতিক অঙ্গনে সংবিধান নিয়ে আলোচনা, বিতর্ক ও ব্যাখ্যার নতুন ঢেউ উঠেছে। সেই আলোচনাকে আরও গভীরে নিতে কক্সবাজার বন্ধুসভা আয়োজন করেছে এক ব্যতিক্রমী পাঠচক্রের আসর। রাষ্ট্রের মূল কাঠামো, গণতন্ত্র, মৌলিক অধিকার ও বাহাত্তরের সংবিধানের আদর্শিক ভিত্তি নিয়ে তরুণদের অংশগ্রহণে আলোচনা করা হয়েছে আইনবিদ ও রাজনৈতিক বিশ্লেষক আসিফ নজরুলের গ্রন্থ 'সংবিধান বিতর্ক ১৯৭২'।

পাঠচক্রের আয়োজন

প্রথমা প্রকাশনী থেকে প্রকাশিত 'সংবিধান বিতর্ক ১৯৭২' বইটি নিয়ে ১৩ মে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ পাঠচক্র অনুষ্ঠিত হয়। পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আয়েশা ছিদ্দিকার সঞ্চালনায় বইটি নিয়ে আলোচনা করেন সভাপতি আবদুল নবী।

সভাপতি বলেন, চারদিকে যখন '৭২-এর সংবিধান বাতিল কিংবা রক্ষার বিতর্ক তীব্র হচ্ছে, তখন সংবিধান রচনার প্রকৃত ইতিহাস ও বিতর্ক সম্পর্কে জানাটা জরুরি হয়ে উঠেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আলোচনার বিষয়বস্তু

আলোচনায় উঠে আসে, স্বাধীনতার মাত্র ১০ মাসের মাথায় যুদ্ধবিধ্বস্ত একটি রাষ্ট্র কীভাবে পূর্ণাঙ্গ সংবিধান প্রণয়ন করেছিল এবং সে প্রক্রিয়ার ভেতর কতটা মতভিন্নতা, আদর্শিক সংঘাত ও রাজনৈতিক বিতর্ক ছিল। 'সংবিধান বিতর্ক ১৯৭২' বইটিতে গণপরিষদের বিতর্ক, রাষ্ট্র পরিচালনার চার মূলনীতি (জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা) নিয়ে তৎকালীন আইনপ্রণেতাদের ভিন্ন মত ও সাংবিধানিক কাঠামো ঘিরে তর্ক-বিতর্ক বিশদভাবে তুলে ধরা হয়েছে।

পাঠচক্রে বিশেষভাবে আলোচনা হয় এম এন লারমার পার্বত্য চট্টগ্রামের জনগোষ্ঠীর অধিকারবিষয়ক বক্তব্য, সংসদীয় ও রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা নিয়ে মতবিরোধ, বিচার বিভাগের স্বাধীনতা ও মৌলিক অধিকারের সীমা নির্ধারণের মতো বিষয়গুলো নিয়ে। অংশগ্রহণকারীরা বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সংবিধানকে ঘিরে যেসব প্রশ্ন সামনে আসছে, তার অনেকগুলোর শিকড়ই নিহিত রয়েছে বাহাত্তরের সেই বিতর্কে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অংশগ্রহণকারীদের মতামত

বন্ধুরা বলেন, 'আসিফ নজরুলের লেখনি জটিল সাংবিধানিক বিষয়কে সাধারণ পাঠকের জন্য সহজবোধ্য করে তুলেছে। ফলে বইটি শুধু ইতিহাসের দলিল নয়, বরং বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও গণতান্ত্রিক অভিযাত্রা বোঝার একটি গুরুত্বপূর্ণ উপকরণ হিসেবেও বিবেচিত হতে পারে।' তাঁরা আরও বলেন, সংবিধান নিয়ে জনপরিসরে সচেতন আলোচনা বাড়ানো প্রয়োজন। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে রাষ্ট্র, নাগরিক অধিকার ও গণতান্ত্রিক কাঠামো সম্পর্কে আগ্রহ তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক উলফাতুল মোস্তফা, সাংগঠনিক সম্পাদক উগ্য মারমা, অর্থ সম্পাদক হুমায়ুন কবির, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক ফাহিম ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক ইকবাল হোসেন, বইমেলা সম্পাদক হ্লাখিং য়াইন, বন্ধু সাউদা ফাইজিয়া, এম আর সিফাত, মোহাম্মদ উল্লাহ, নাবেদুল হক, ইবনে সাঈদ, মোহাম্মদ সোহাগ, কক্সবাজার সরকারি কলেজ বন্ধুসভার সাধারণ সম্পাদক সজীব সুশীল প্রমুখ।