নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় সড়ক দুর্ঘটনায় ছয় বছরের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে জয়াগ ইউনিয়নের ঢাকা পোল এলাকায় চাটখিল-সোনাইমুড়ী-রামগঞ্জ আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম হাসনা জান্নাত। সে চাটখিল পৌরসভার সুন্দলপুর গ্রামের মো. হাসানের মেয়ে।
ঘটনার বিবরণ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাসনা তার মা রেহানা বেগমের সঙ্গে বাবার বাড়ি থেকে নানার বাড়ি যাচ্ছিল। তারা অটোরিকশা থেকে ঢাকা পোল এলাকায় নেমে সড়ক পার হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় হঠাৎ হাসনা মায়ের হাত ছেড়ে দৌড়ে সড়ক পার হওয়ার চেষ্টা করে। তখন রামগঞ্জ থেকে ঢাকাগামী হিমালয় পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়।
মৃত্যু ও আইনি ব্যবস্থা
গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোনাইমুড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, 'সড়ক পার হওয়ার সময় দৌড় দিলে দ্রুতগতির একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। বাসের চালককে আটকের চেষ্টা চলছে।' পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।



