জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে আরও একজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের তৎপরতায় ওই চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে সংশ্লিষ্ট যুবক আন্তর্জাতিক সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।
ঘটনার বিবরণ
সোমবার (১৫ জুন) দিবাগত রাতে বকশীগঞ্জের প্রতিবেশী দেওয়ানগঞ্জ উপজেলার ঝাওডাঙ্গা সীমান্তের ১০৭৮ আন্তর্জাতিক সীমান্ত পিলারের কাছে মধ্যেরচর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, এর আগেও জামালপুর সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে কয়েকজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ।
বিজিবির বক্তব্য
এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, দেওয়ানগঞ্জ ঝাওডাঙ্গা সীমান্তে গত রাতে অবৈধভাবে এক ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। পুশইন ঠেকাতে বিজিবি বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।



