জৈন্তাপুরে বিজিবির অভিযানে জব্দ ট্রাক ছিনতাই, সড়ক অবরোধ
জৈন্তাপুরে বিজিবির অভিযানে জব্দ ট্রাক ছিনতাই, অবরোধ

সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর এলাকায় বিজিবির অভিযানে অবৈধ পাথর বোঝাই চারটি ট্রাক জব্দকে কেন্দ্র করে শ্রমিকদের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনায় জব্দ করা তিনটি ট্রাক ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে প্রায় দুই ঘণ্টা সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিক্ষুব্ধরা। শুক্রবার (৩ জুলাই) সকালে এই ঘটনা ঘটে। পরে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।

বিজিবির অভিযান ও ট্রাক জব্দ

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার ৪৮ বিজিবির শ্রীপুর বিওপির টহলটিম ভোরে শ্রীপুর খড়মপুর এলাকায় অভিযান করে অবৈধভাবে উত্তোলিত ৪টি পাথরবোঝাই ট্রাক জব্দ করেন। কয়েক ঘণ্টা পর জব্দ ট্রাকগুলো ক্যাম্পে নিয়ে যাওয়ার সময় উত্তেজিত শ্রমিকরা জোরপূর্বক ৩টি ট্রাক গুচ্ছগ্রাম এলাকায় নিয়ে গিয়ে পাথর আনলোড করে। তবে ১টি ট্রাক পাথর ফেলে যাওয়ার সময় গুচ্ছগ্রাম সড়কের মুখে পৌঁছালে বিজিবি ট্রাকটি আটক করে।

সড়ক অবরোধ ও বিক্ষোভ

ট্রাক আটকের জেরে সকাল আনুমানিক সাড়ে ৯টায় শ্রমিকরা সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে। শ্রমিকদের অভিযোগ, বিজিবি সদস্যরা ট্রাক শ্রমিককে শারীরিকভাবে মারধর করে আহত করে এবং এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। গুলির শব্দে গুচ্ছগ্রাম এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিজিবির বক্তব্য

৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক মুঠোফোনে জানান, উত্তেজিত শ্রমিকদের সংখ্যা অনেক বেশি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং বিজিবি সদস্যদের নিরাপত্তার স্বার্থে সতর্কতামূলক (ওয়ার্নিং) হিসেবে ১ রাউন্ড শর্টগান ফায়ার করা হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটে নি। বিজিবির এই কর্মকর্তা আরও বলেন, এ ঘটনায় সরকারি দায়িত্ব পালনে বাঁধা দেওয়া হয়েছে। বিজিবি দায়িত্বপ্রাপ্ত সদস্যদের অবৈধ পাথর পাচারচক্রের সদস্যরা শাবলসহ পাথর উত্তোলনে ব্যবহৃত জিনিস দিয়ে বারবার বিজিবির উপর আক্রমণ করার চেষ্টা করে। জোরপূর্বক পাথর আনলোড করে ৩টি ট্রাক নিয়ে গেলে একটিকে আটক রাখতে সক্ষম হয় বিজিবি।

ইউএনওর মধ্যস্থতায় অবরোধ প্রত্যাহার

অন্যদিকে প্রায় ২ ঘণ্টা অবরোধ চলার পর বেলা সাড়ে ১১টায় জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় ঘটনাস্থলে পৌঁছে শ্রমিক, পরিবহন শ্রমিক, ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে এবং সুষ্ঠু সমাধানের আশ্বাসে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে। ইউএনও সুনন্দা রায় বলেন, সরকারি কাজে নাগরিকদের সহযোগিতা ও শ্রদ্ধাশীল আচরণ প্রত্যাশিত। যা অবৈধ, সেটিকে বৈধতা দেওয়ার এখতিয়ার প্রশাসনের নেই। পাশাপাশি জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মসূচি থেকেও সবাইকে বিরত থাকতে হবে। সাধারণ শ্রমিকদের যে কোনো যৌক্তিক দাবি-দাওয়া নিয়ে আলোচনার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর সবসময় উন্মুক্ত।

ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

এ ঘটনায় সহকারী কমিশনার (এসিল্যান্ড) পলি রানী দেব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ট্রাককে ১০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন।