চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে বিএসএফ ২০ জনকে বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা করলে তা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। বিজিবির বাধার মুখে ওই ব্যক্তিরা বর্তমানে সীমান্তের শূন্যরেখায় ভারতীয় অংশে অবস্থান করছেন। আজ শনিবার সকালে বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এ তথ্য জানান।
ঘটনার বিবরণ
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ওই ২০ জনকে পুশ ইন করার চেষ্টা করে বিএসএফ। তাঁদের মধ্যে ১১ জন নারী, চারজন শিশু ও পাঁচজন পুরুষ আছেন। বিষয়টি টের পেয়ে বিজিবি তাঁদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। পরে বিজিবির বাধার মুখে তাঁরা সীমান্তের শূন্যরেখায় ভারতীয় অংশে অবস্থান নেন।
বিজিবি কর্মকর্তার বক্তব্য
বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘বিজিবি টহল দলের তৎপরতায় ২০ জনকে পুশ ইন করার চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে। তারা বর্তমানে শূন্যরেখায় অবস্থান করছে। আমরা সীমান্তে যাচ্ছি, বিস্তারিত পরে জানানো হবে।’



