ভারত–বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ভারতের সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফকে প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছেন পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই সিদ্ধান্ত সোমবার তাঁর নেতৃত্বাধীন মন্ত্রিসভার প্রথম বৈঠকে গৃহীত হয়। বৈঠক শেষে অধিকারী জানান, বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিএসএফকে জমি বুঝিয়ে দেওয়া হবে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া
মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, 'সীমান্তের নিরাপত্তা রক্ষা আমাদের অগ্রাধিকার। এই সিদ্ধান্ত আমরা সেই দৃষ্টিতেই দেখি।' তিনি বাংলাদেশ–ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে এই সিদ্ধান্তের প্রভাব সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি।
বাংলাদেশের প্রতিক্রিয়া
এই বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সোমবার সাংবাদিকদের বলেন, 'কাঁটাতার দিয়ে বাংলাদেশকে এখন আর ভয় দেখানোর জায়গা নেই। বাংলাদেশের মানুষ ও সরকার কাঁটাতার ভয় পায় না।'
অনুপ্রবেশ ইস্যু
ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের 'শূন্য সহিষ্ণুতা' নীতি সম্পর্কে প্রশ্ন করেন। জয়সোয়াল সরাসরি জবাব না দিয়ে বলেন, অনুপ্রবেশ বিষয়টি ভারত–বাংলাদেশ আলোচনার অন্যতম বিষয়। তিনি জানান, ভারতে অবৈধভাবে বসবাসরত ২ হাজার ৮৬০ জনের বেশি মানুষের নাগরিকত্ব যাচাইয়ের জন্য বাংলাদেশকে অনুরোধ করা হয়েছে, কিন্তু বাংলাদেশ এখনো কোনো উত্তর দেয়নি।
তিস্তা উন্নয়ন প্রকল্প
তিস্তা উন্নয়ন প্রকল্প প্রসঙ্গে জয়সোয়াল বলেন, বিশ্বের যেকোনো ঘটনার ওপর ভারতের নজর থাকে। তিনি উল্লেখ করেন, প্রতিবেশীদের সঙ্গে ভারতের সম্পর্কে পারস্পরিক স্বার্থই প্রাধান্য পায়। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সম্প্রতি চীন সফরে গিয়ে তিস্তা উন্নয়ন প্রকল্পের কাজ নেওয়ার অনুরোধ করেছেন বলে খবর প্রকাশিত হয়েছে।
পশ্চিমবঙ্গ নির্বাচন ও দ্বিপক্ষীয় সম্পর্ক
পশ্চিমবঙ্গের নির্বাচনী ফলাফল নিয়ে বাংলাদেশে ভিন্ন প্রতিক্রিয়া সম্পর্কে জয়সোয়াল বলেন, 'আমরা ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছি যে দ্বিপক্ষীয় সম্পর্ককে ভারত ইতিবাচক করে তুলতে চায়। সেই মনোভাবের বদল হয়নি।'



