চলতি ২০২৬ ফিফা বিশ্বকাপই হতে যাচ্ছে পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপ। নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন তিনি। ষষ্ঠবারের মতো বিশ্বকাপে অংশ নেওয়া রোনালদো সোমবার ডালাসে শেষ ষোলোর ম্যাচে স্পেনের মুখোমুখি হবে পর্তুগাল।
সংবাদ সম্মেলনে রোনালদোর ঘোষণা
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রোনালদো বলেন, ‘হ্যাঁ, এটাই আমার শেষ বিশ্বকাপ। চলুন, উপভোগ করি।’ সংবাদমাধ্যমের সঙ্গে এই আলাপচারিতাটা ছিল বেশ উত্তপ্ত। রোনালদো সাংবাদিকদের উদ্দেশে বলেন, তাদের অনেকেই তাকে ‘পছন্দ করেন না’।
ক্রোয়েশিয়ার বিপক্ষে নাটকীয় জয়
শেষ বত্রিশের নাটকীয় ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-১ গোলে জেতে পর্তুগাল। সেই ম্যাচে পুরো সময় রোনালদোকে খেলানোর সিদ্ধান্ত নিয়ে আগে থেকেই প্রশ্ন উঠেছিল। শেষ পর্যন্ত ৮১ মিনিটে মাঠ ছাড়েন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। সেই ম্যাচে পেনাল্টি থেকে গোল করেছিলেন রোনালদো।
ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত
ম্যাচ শেষে তিনি বলেছিলেন, বিশ্বকাপ শেষ হওয়ার পর নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত নেবেন তিনি। তখন তিনি বলেন, ‘এই মুহূর্তে ভবিষ্যৎ নিয়ে কথা বলা জরুরি নয়। এটা নিয়ে আমি পরে কথা বলব... জেতা বা হারার পর পরিবারের সঙ্গে কথা বলার সময় পাব, এরপর নিজের মতো করেই সিদ্ধান্ত নেব। হুট করে কোনো সিদ্ধান্ত এখন আর নিই না, এখন সবকিছু ঠান্ডা মাথায় ভাবি। আপাতত আজকের দিনটা উপভোগ করাই আসল কথা।’
অধরা বিশ্বকাপ শিরোপা
ম্যানচেস্টার ইউনাইটেড আর রিয়াল মাদ্রিদের হয়ে ছয়বার চ্যাম্পিয়নস লিগ জেতা রোনালদোর সংগ্রহে আছে অসংখ্য শিরোপা। তবে বিশ্বকাপ শিরোপাটাই এখনো তার অধরা।



