গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়ন এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক মধ্যবয়সি পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ মে) দুপুরে ওই এলাকায় কচুরিপানার সঙ্গে নদীতে লাশটি ভেসে থাকতে দেখেন স্থানীয়রা।
স্থানীয়দের তথ্য
স্থানীয়রা জানান, দুপুরের দিকে শীতলক্ষ্যা নদীর পানিতে একটি লাশ ভাসতে দেখে তারা কাপাসিয়া থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পুলিশের ধারণা, ওই ব্যক্তিকে কয়েক দিন আগে অজ্ঞাত কেউ বা কারা হত্যা করে লাশটি নদীতে ফেলে দিতে পারে। পরবর্তীতে পানিতে দীর্ঘ সময় থাকায় লাশটি ফুলে ভেসে ওঠে।
পুলিশের বক্তব্য
এ বিষয়ে কাপাসিয়া থানার ওসি শাহিনুর আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লাশটি উজান থেকে নদীর স্রোতে ভেসে এসেছে। খবর পেয়ে নৌ-পুলিশকে বিষয়টি জানানো হয় এবং কাপাসিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে তীরে নিয়ে আসে।
তিনি আরও জানান, লাশটি পচে যাওয়ায় শরীরের চামড়া খসে পড়েছিল, ফলে উদ্ধার কাজে কিছুটা বিঘ্ন ঘটে। লাশটির উপরের অংশে একটি টি-শার্ট থাকলেও নিচের অংশে কোনো কাপড় ছিল না। নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। মৃত্যুর কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।



