মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো ১০ বাংলাদেশি নাগরিককে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। শুক্রবার বিকালে কুলাউড়া থানায় স্বজনদের উপস্থিতিতে তাদের হস্তান্তর করা হয়।
যারা হস্তান্তর করা হয়েছে
তারা হলেন- নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামের রাহুল তালুকদার (২৭), খালিয়াজুড়ী উপজেলার যোগীমারা গ্রামের যুবরাজ সরকার (৪২), সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাঙাধর গ্রামের হাবুল দাস (৪৮), হাবুলের স্ত্রী সুমিত্রা দাস (৪৪), মেয়ে অনামিকা দাস (১৭) ও ভূমি দাস (৭), ছেলে হেমন্ত দাস (১৬), হামতপুর গ্রামের গোপাল দাস (২৭), সদর উপজেলার বক্তারগাঁও গ্রামের মো. আল আমিন (৩৫) ও আল আমিনের স্ত্রী ফাতেমা বেগম (১৯)।
ঘটনার বিবরণ
পুলিশ সূত্রে জানা গেছে, মুরইছড়া সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরা রাজ্য পড়েছে। শুক্রবার সকালের দিকে মুরইছড়া চা-বাগান এলাকায় নারী, পুরুষ ও শিশুসহ ১০ জনকে সন্দেহজনক অবস্থায় ঘোরাঘুরি করতে দেখে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৬ ব্যাটালিয়নের স্থানীয় মুরইছড়া ক্যাম্পের টহল দল। পরে তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তিরা জানান, তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সম্প্রতি বিএসএফ তাদের আটক করে। এরপর সীমান্ত দিয়ে ঠেলে পাঠায়। পরিচয় নিশ্চিত হওয়ার পর বিজিবি তাদের পুলিশের কাছে হস্তান্তর করে। খবর পেয়ে সন্ধ্যায় স্বজনরা থানায় পৌঁছালে ওই ব্যক্তিদের তাদের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশের বক্তব্য
কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ মাতব্বর বলেন, ‘সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো ১০ জন বাংলাদেশি নাগরিককে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’



