সিরাজগঞ্জের কামারখন্দে গাঁজা সেবন করে মাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের দায়ে মো. হালিম (২৬) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রমমাণ আদালত। শুক্রবার (৮ মে) সকাল ৮টার দিকে জামতৈল লোকনাথ মন্দিরের কাছে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। তাছাড়া আরও ১০০ টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্তের পরিচয়
দণ্ডপ্রাপ্ত হালিম উপজেলার জামতৈল গ্রামের মৃত রবির ছেলে। প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, হালিম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। ঘটনার দিন সে গাঁজা সেবন করে মাকে মারধর করে। একপর্যায়ে বাড়িঘরে ভাঙচুর চালায়।
আদালতের কার্যক্রম
এই খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থলে গিয়ে হালিমকে কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তার কাছ থেকে ২০ কেজি গাঁজা জব্দ করে ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ড. বিপাশা হোসাইন জানান, গাঁজা সেবন করে মাকে মারধর ও বাড়িঘর ভাঙচুর করছে এক যুবক। এমন অভিযোগের প্রেক্ষিতে ওই এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তাছাড়া জব্দ করা গাঁজা ধ্বংস করা হয়।



