নাটোরে মাছ ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার
নাটোরে মাছ ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলায় নিজ ঘর থেকে রফিকুল ইসলাম (৪৫) নামের এক মাছ ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোর পাঁচটার দিকে উপজেলার ইটালি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

ঘটনার বিবরণ

সিংড়া থানা ও পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম গতকাল রোববার রাতে স্থানীয় বাজার থেকে বাড়িতে আসেন। রাতের খাওয়া শেষে তিনি দরজা খোলা রেখে একাকী নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। ভোর পাঁচটার দিকে পাশের ঘর থেকে স্ত্রী ফজরের নামাজ পড়তে উঠে দেখেন, স্বামীর ঘরের দরজা খোলা। ঘরে ঢুকে বিছানার ওপর গলাকাটা অবস্থায় তাঁর স্বামীর লাশ দেখতে পান। তাঁর চিৎকারে পরিবারের অন্য সদস্যরা ছুটে আসেন। খবর পেয়ে আজ সকাল সাতটার দিকে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

স্ত্রীর বক্তব্য

নিহত ব্যক্তির স্ত্রী শিউলি বেগম (৩৫) বলেন, ‘আমার স্বামী রাতে বাড়ি ফিরেই মাথায় তেল দিয়ে দিতে বলে। তখন তাকে চিন্তিত মনে হচ্ছিল। আমি তার মাথায় তেল দিয়ে দিই। খাওয়া শেষে একই ঘরে ঘুমাতে চাইলে আমাকে ছেলেকে নিয়ে অন্য ঘরে ঘুমাতে বলে। ভোরে নামাজ পড়তে উঠে দেখি, গলাকাটা অবস্থায় সে বিছানায় পড়ে আছে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরিবারের প্রতিক্রিয়া

নিহত ব্যক্তির মামা আবদুল করিম বলেন, ‘আমার ভাগনে রফিকুল খুব ভালো মানুষ ছিল। কারও সঙ্গে তার বিরোধ ছিল না। সবার সঙ্গে হাসিমুখে কথা বলত। তাই কে বা কারা কেন তাকে নির্মমভাবে হত্যা করল, তা বুঝতে পারছি না। আমরা এ ঘটনার সঠিক বিচার চাইছি।’

পুলিশের কার্যক্রম

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ঘটনাস্থল থেকে প্রথম আলোকে বলেন, ‘আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছি। একই সঙ্গে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের কাজ করছি। এ ঘটনায় এখনো মামলা হয়নি। তবে ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ