ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোররাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দের শিবনগর সীমান্ত এলাকা থেকে তাদের কর্নেল বাজার বিজিবি ক্যাম্পের টহল জওয়ানরা আটক করেন। দুপুরে তাদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইনে আখাউড়া থানায় মামলা দায়ের করা হয়।
আটককৃতদের পরিচয়
আটককৃতরা হলেন শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ফুলদী ইউনিয়নের নলকুড়া গ্রামের জোহর আলীর মেয়ে ঝর্না (২৬) এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি মাইজকার গ্রামের গোপাল চন্দ্র সরকারের ছেলে কানাই চন্দ্র সরকার (৩০)। প্রায় এক মাস আগে তারা পৃথকভাবে ভারতে গিয়েছিলেন। ঝর্না কাজের সন্ধানে এবং কানাই চন্দ্র চিকিৎসার জন্য সিলেটের হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন।
মানবপাচারকারীর ভূমিকা
জিজ্ঞাসাবাদে তারা জানান, মনিয়ন্দ শিবনগর সীমান্তের মানবপাচারকারী হাসানের মাধ্যমে টাকার বিনিময়ে ভারত থেকে বাংলাদেশে ফিরেছেন। হাসান বিজিবি ও পুলিশের তালিকাভুক্ত মনিয়ন্দ সীমান্তের চিহ্নিত মাদক ও মানবপাচারকারী হিসেবে পরিচিত।
৬০ বিজিবি সুলতানপুর ব্যাটালিয়নের আখাউড়া কর্নেলবাজার (বিওপি) হাবিলদার মো. ইলিয়াস হোসেন জানান, ভোরবেলা শিবনগর ২০২৬ মেইন পিলার সীমান্ত দিয়ে তারা অবৈধভাবে প্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় বিজিবি টহল জওয়ানরা তাদের আটক করে।



