রাঙামাটির কাপ্তাই হ্রদে একটি বড় লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী একটি ইঞ্জিনচালিত ছোট নৌকা ডুবে গেছে। শুক্রবার সকালে রাঙামাটির বরকল উপজেলার সুবলং বাজারসংলগ্ন এলাকায় এ নৌ-দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে স্থানীয়দের উদ্ধার তৎপরতায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন দুর্ঘটনার শিকার নৌকাটির চালকসহ ১২ যাত্রী।
দুর্ঘটনার বিবরণ
স্থানীয়রা জানান, যাত্রী নিয়ে রাঙামাটি সদর থেকে বরকল উপজেলার দিকে যাওয়ার পথে ইঞ্জিনচালিত নৌকাটিকে ধাক্কা দেয় রাঙামাটি থেকে লংগদুর উদ্দেশে ছেড়ে যাওয়া ‘এমএল বিজলী’ নামে একটি লঞ্চ। এতে নৌকাটি উল্টে হ্রদের পানিতে ডুবে যায়। তবে লঞ্চটির কর্মচারীসহ স্থানীয় লোকজন দ্রুত ছুটে গিয়ে চালকসহ সব যাত্রীকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হন।
স্থানীয় প্রশাসনের বক্তব্য
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে সুবলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা বলেন, দুর্ঘটনায় কবলিত নৌকাটিতে থাকা যাত্রী সবাইকে দ্রুত উদ্ধার করতে পারায় তারা প্রাণে রক্ষা পেয়েছেন। এতে কেউ নিখোঁজ নেই।
লঞ্চ মালিক সমিতির ব্যাখ্যা
রাঙামাটি লঞ্চ মালিক সমিতির লাইনম্যান বিশ্বজিৎ দে জানান, ইঞ্জিনচালিত নৌকাটি লঞ্চটিকে অতিক্রম করে দ্রুতগতিতে যাওয়ার চেষ্টা করলে লঞ্চের পেছনে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে ডুবে যাওয়া নৌকার সব যাত্রীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।



