পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের দক্ষিণ প্রধানপাড়া বড়বাড়ি সীমান্ত এলাকায় ১০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা (পুশ-ইন) রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার ভোররাতে নীলফামারী ৫৬ ব্যাটালিয়নের বিজিবির বড়বাড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলারের ৭৫৮/৫ কাছাকাছি ভারতের প্রধানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ
পুশ-ইনের বিষয়টি জানতে পেরে বিজিবির জোয়ানরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অপতৎপরতা রুখে দেয় এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে। বিজিবি ও এলাকাবাসী জানিয়েছেন, ওই এলাকায় ১০ জন বাংলা ভাষাভাষী নাগরিককে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। বিজিবি ও সীমান্তবর্তী গ্রামবাসীর সহায়তায় পুশ-ইনের চেষ্টা প্রতিহত করা হয়। বর্তমানে ওই ১০ জন নাগরিককে শূন্য রেখার ওপারে ভারতের অভ্যন্তরে তাদের জিম্মায় রাখা হয়েছে এবং সুযোগমতো তাদের বাংলাদেশে ঠেলে পাঠানোর অপেক্ষায় রাখা হয়েছে।
বিজিবির বক্তব্য
বিজিবির নীলফামারী ৫৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পঞ্চগড়ের সীমান্তবর্তী বড়বাড়ি ক্যাম্পের বিপরীতে বিএসএফ ১০ জন নারী, পুরুষ ও শিশুকে পুশ-ইনের চেষ্টা বিজিবির বাঁধার মুখে ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, আমরা সজাগ রয়েছি যাতে এ ধরনের পুশ-ইন তারা করতে না পারে। এদিকে বিষয়টি নিয়ে বর্তমানে কোম্পানি পর্যায়ে ফ্ল্যাগ মিটিং চলছে।
প্রতিরোধমূলক ব্যবস্থা
পঞ্চগড় সীমান্তে অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধে পঞ্চগড় জেলার ১৭৭ কিলোমিটার সীমান্তবর্তী এলাকায় টহল জোরদার করার পাশাপাশি এলাকাবাসীকে মাইকিং করে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে। পাশাপাশি স্থানীয়দের সচেতন করতে উঠান বৈঠক ও প্রচার কার্যক্রম চালানো হচ্ছে।



