সুন্দরবনে বিশেষ অভিযানে কুখ্যাত ডাকাত করিম-শরীফ বাহিনীর সক্রিয় সদস্য আল-আমিন বাচ্চু হাওলাদারকে (৪৫) আটক করেছে কোস্ট গার্ড। তিনি দীর্ঘদিন ধরে সুন্দরবনে সাধারণ জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিলেন।
অভিযানের বিবরণ
বৃহস্পতিবার (৪ জুন) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। অভিযানে চারটি একনলা বন্দুক, বিপুল পরিমাণ গোলাবারুদ এবং হরিণের মাথাসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন
কোস্ট গার্ড জানায়, সুন্দরবন অঞ্চলকে বনদস্যুমুক্ত করার লক্ষ্যে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে বাগেরহাটের শরণখোলার আমুরবুনিয়া ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড বেইস মোংলা।
আটকের ঘটনা
আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে আল-আমিন বাচ্চু হাওলাদারকে (৪৫) আটক করা হয়। এ সময় ডাকাতদের আস্তানা থেকে চারটি একনলা বন্দুক, ২০ রাউন্ড তাজা কার্তুজ, ৭৪ রাউন্ড ফাঁকা কার্তুজ, সাত রাউন্ড এয়ারগানের গুলি, একটি টেলিস্কোপ, সোলার প্যানেল, ব্যাটারি, ওয়াকিটকি চার্জার, হরিণের মাথা, চাল, সিগারেট এবং একটি কাঠের বোট জব্দ করা হয়।
আরও সরঞ্জাম উদ্ধার
পরে বাচ্চুর তথ্যে ওইদিন রাতেই মোরেলগঞ্জের পি সি বাড়ইখালি এলাকায় তার বাড়ি থেকে আরও সরঞ্জাম উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের এই অভিযান সুন্দরবন এলাকায় ডাকাতি ও বন্যপ্রাণী হত্যার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।



