বরগুনায় ডাকবাংলো থেকে নারী ও দুই মেয়ের লাশ উদ্ধার
বরগুনায় ডাকবাংলো থেকে নারী ও দুই মেয়ের লাশ উদ্ধার

বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো থেকে এক নারী কর্মী ও তাঁর দুই মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেল চারটার দিকে শহরের থানাপাড়া এলাকার জেলা পরিষদের ডাকবাংলোর তৃতীয় তলার দুটি কক্ষ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

মৃতদের পরিচয়

মৃত ইতি রানী (৩৪) জেলা পরিষদের ডাকবাংলোর অস্থায়ী কর্মচারী ছিলেন (পরিচ্ছন্নতাকর্মী)। তিনি বরগুনা পৌরসভার কালীবাড়ি সড়কের দুলাল চন্দ্র বিশ্বাসের স্ত্রী। তাঁর দুই মেয়ে অনুরাধা বিশ্বাস (৩) ও আরাধা বিশ্বাস (১১) এই ঘটনায় প্রাণ হারায়।

ঘটনার বিবরণ

ডাকবাংলোর তত্ত্বাবধায়ক মো. লিটন জানান, ইতি রানী বেলা ১১টার দিকে ডাকবাংলোতে কাজে আসেন। সঙ্গে তাঁর ছোট মেয়ে অনুরাধা ও বড় মেয়ে আরাধা ছিল। তাঁকে পরিচ্ছন্নতার কাজ বুঝিয়ে দিয়ে লিটন জেলা পরিষদ কার্যালয়ে যান। বেলা তিনটার দিকে তিনি ফিরে এসে দেখেন ইতি রানী ডাকবাংলোতে নেই। পরে খোঁজ করতে গিয়ে তৃতীয় তলার দুটি কক্ষ ভেতর থেকে আটকা দেখে তিনি ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে তিনি জেলা পরিষদের কর্মকর্তাদের জানান। পরে পুলিশে খবর দেওয়া হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশ জানায়, খাকদোন-৪ নম্বর কক্ষে দরজা বন্ধ অবস্থায় ইতি রানী ও তাঁর ছোট মেয়ে অনুরাধা বিশ্বাসকে পৃথক দুটি খাটে মৃত অবস্থায় পাওয়া যায়। একই ভবনের খাকদোন-৩ নম্বর কক্ষ থেকে বড় মেয়ে আরাধা বিশ্বাসের লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশগুলো বরগুনার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘুমের ওষুধ ও পানির বোতল

বরগুনার পুলিশ সুপার কুদরত-ই-খুদা বলেন, 'যে কক্ষে ওই নারীর বড় মেয়ের মরদেহ পাওয়া গেছে, সেখানে মরদেহের পাশে ঘুমের ওষুধ ও একটি পানির বোতল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী পূর্বপরিকল্পিতভাবে তাঁর দুই মেয়েকে নিয়ে ডাকবাংলোয় এসেছিলেন। ব্যক্তিগত বা পারিবারিক কোনো কারণে তিনি আত্মহত্যার মতো সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। কারণ, দুটি কক্ষের দরজাই ভেতর থেকে বন্ধ ছিল।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশ সুপার আরও বলেন, 'স্বাভাবিকভাবে একজন মা সন্তানদের নিয়ে এ ধরনের স্থানে আসেন না। পরিবারের সদস্যদের কাছ থেকে আমরা জেনেছি, তিনি মেয়েদের ঘুরতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়েছিলেন। ফলে ঘটনাটি পূর্বপরিকল্পিত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে চূড়ান্তভাবে কিছু বলা সম্ভব নয়।'

স্বামীর আহাজারি

মৃত ইতি রানীর স্বামী দুলাল চন্দ্র বিশ্বাস বিষয়টি শোনার পর ডাকবাংলোতে আসেন। এসে তিনি স্ত্রী ও দুই মেয়ের মৃত্যুতে ভেঙে পড়েন এবং বারবার মূর্ছা যাচ্ছিলেন। তিনি সুপারি বেচাকেনার ব্যবসা করেন। ঘটনাস্থলে এসে বিলাপ করতে করতে দুলাল বলেন, 'আমি সকালে আমতলীতে সুপারি কিনতে যাই। এ সময় স্ত্রীর হাতে বাজারের টাকা দিয়ে যাই। ইতি জানিয়েছিল আজ সে কাজে যাবে না। দুপুরে আমি ফিরে এসে দেখি বাড়িতে তালা দেওয়া। আশপাশে তার (ইতি) ও বাচ্চাদের খোঁজ পাচ্ছিলাম না। পরে ডাকবাংলোতে তাদের লাশ পাওয়ার খবর পাই।'

পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে।