আত্রাই নদীতে গোসল করতে নেমে দুই সহোদরের মৃত্যু
আত্রাই নদীতে গোসল করতে নেমে দুই সহোদরের মৃত্যু

দিনাজপুরের খানসামা উপজেলার আত্রাই নদীতে গোসল করতে নেমে দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে খামারপাড়া ইউনিয়নের জোয়ার কালীর বাজার সংলগ্ন নদীর বালুমহাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঢাকার মিরপুর-১১ এলাকার বাসিন্দা মান্না ইসলাম (৪৫) ও তার ছোট ভাই সাদ্দাম ইসলাম (৩৫)। তারা মৃত সিরাজ উদ্দিনের ছেলে।

ঘটনার বিবরণ

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটি উপলক্ষে গত রোববার সাদ্দাম ইসলাম দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার চম্পাতলী এলাকায় তার শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। এ সময় বড় ভাই মান্না ইসলামসহ পরিবারের অন্য সদস্যরাও সঙ্গে ছিলেন। বুধবার দুপুরে তারা খানসামার বিখ্যাত লিচুবাগান দেখতে যান। পরে দুপুর ১টার দিকে জোয়ার কালীর বাজার এলাকায় আত্রাই নদীতে গোসল করতে নামলে একপর্যায়ে দুই ভাই পানিতে তলিয়ে নিখোঁজ হন।

উদ্ধার অভিযান

তাদের সঙ্গে থাকা স্বজনদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর বিকেল ৩টার দিকে নদী থেকে দুই ভাইকে উদ্ধার করা হলেও ততক্ষণে তাদের মৃত্যু হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য

খামারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক চৌধুরী জানান, গোসল করতে নেমে দুই সহোদর পানিতে ডুবে মারা গেছেন। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস তাদের মরদেহ উদ্ধার করেছে। খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার আবু সায়েম বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। পরে দুই ভাইকে মৃত অবস্থায় নদী থেকে উদ্ধার করা হয়।

আইনি প্রক্রিয়া

খানসামা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত দুই ভাইয়ের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ