ঈদ শেষে রাজধানী ফেরা: দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে যাত্রীদের ভিড়
ঈদ শেষে রাজধানী ফেরা: নৌপথে যাত্রীদের ভিড়

ঈদুল আজহা উদযাপন শেষে রাজধানী ও তার আশপাশের এলাকায় কর্মস্থলে ফিরতে শুরু করেছে লাখো মানুষ। রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথ পাড়ি দিয়ে গন্তব্য যাচ্ছে তারা। রবিবার (৩১ মে) সকাল থেকে বেলা ২টা পর্যন্ত দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী বাস, মাইক্রোবাস, মাহিন্দ্র, মোটরসাইকেলযোগে ঘাটে এসে লঞ্চ ও ফেরিতে নদী পাড়ি দেখা যায় মানুষজনকে। আবার অনেক বিভিন্ন জেলা থেকে সরাসরি পরিবহনযোগে নদী পাড়ি দিয়ে কর্মস্থলে ফিরছেন। এতে ঘাট এলাকায় যানবাহনের চাপ বেড়েছে। তবে ছোট গাড়ির মধ্যে মোটরসাইকেল ও মাইক্রোবাসের সংখ্যা ছিল চোখে পড়ার মতো।

ঘাট কর্তৃপক্ষের প্রস্তুতি

দৌলতদিয়া ঘাট সূত্রে জানা যায়, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঘাট এলাকায় সব প্রস্তুতি গ্রহণ করেছে ঘাট কর্তৃপক্ষ। ঘাটে আসা প্রতিটি বাসে থাকা যাত্রীদের নামিয়ে ফাঁকা বাস ফেরিতে উঠছে। প্রতিটি ঘাটেই নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় কাজ করছে নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার সদস্যসহ ঘাট-সংশ্লিষ্ট লোকজন।

যাত্রীদের অভিজ্ঞতা

মেহেরপুর থেকে আসা গাজীপুরগামী যাত্রী মাহফুজুর রহমান বলেন, ‘ঈদের আগে যেমন দীর্ঘ অপেক্ষা বা যানজটের মুখে পড়তে হয়নি। তেমনি ফেরার পথেও কোনও ভোগান্তি হয়নি। এবারের ঈদযাত্রা ছিল স্বস্তির।’ আরেক যাত্রী সালমা আক্তার বলেন, ‘ঈদের দীর্ঘ ছুটি শেষে আজ মাদারীপুর থেকে বাসযোগে ঘাটে এসে সরাসরি ফেরিতে উঠেছি। তবে বাসে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এদিকে ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে এখনও নদী পাড়ি দিয়ে বাড়ি ফিরছে মানুষ। ঢাকা থেকে দৌলতদিয়া লঞ্চঘাটে আসা যাত্রী আব্দুল কাদের বলেন, ‘আমি ঢাকায় ব্যবসা করি। ঈদের মধ্যে বাড়ি যেতে পারিনি। গরু কোরবানি ঢাকায় দিয়েছি। এখন মাংস নিয়ে গ্রামের বাড়ি কুষ্টিয়ায় যাচ্ছি।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নৌ-পরিবহন ব্যবস্থাপনা

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, ‘ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা ঢাকামুখী মানুষ ও যানবাহনের চাপ কিছুটা বেড়েছে। তবে দৌলতদিয়া প্রান্তে কোনও ভোগান্তি নেই। বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় ১৫টি ফেরি ও ২০টি লঞ্চ যাত্রী ও যানবাহন পারাপারে চলাচল করছে।’