শরীয়তপুরে চটপটির দোকান নিয়ে সংঘর্ষ, অর্ধশত ককটেল বিস্ফোরণ
শরীয়তপুরে চটপটির দোকান নিয়ে সংঘর্ষ, অর্ধশত ককটেল বিস্ফোরণ

শরীয়তপুরের নড়িয়ায় একটি চটপটির দোকান নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অন্তত অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। শুক্রবার (২৯ মে) রাত ৯টার দিকে উপজেলার মুলফৎগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন।

ঘটনার বিবরণ

নড়িয়া থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুলফৎগঞ্জ এলাকায় পদ্মা নদীর তীরসংলগ্ন স্থানে দোকান নির্মাণ করছিলেন রাসেল বেপারি। ওই দোকান নির্মাণে বাধা দেন স্থানীয় যুবদল নেতা রাজিব ছৈয়ালের সমর্থকরা। অন্যদিকে রাসেল বেপারীর পক্ষে অবস্থান নেন কেদারপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাব্বি ঢালী। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘক্ষণ উত্তেজনা বিরাজ করে।

সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ

শুক্রবার রাত ৯টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। কয়েক দফা সংঘর্ষের সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অন্তত অর্ধশতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। খবর পেয়ে নড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

এ বিষয়ে জানতে চাইলে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, ‘রাস্তার পাশে একটি চটপটির দোকানকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’ তিনি আরও বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ