ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেলপথে মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় একটি তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে সারা দেশের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
দুর্ঘটনার বিবরণ
শুক্রবার (২৯ মে) বিকাল সাড়ে ৪টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় তেলবাহী ট্রেনটি অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে। রেলওয়ে সূত্র জানায়, সিলেট থেকে ছেড়ে আসা আখাউড়াগামী তেলবাহী ট্রেনের পেছনের একটি বগি হঠাৎ রেললাইন থেকে ছিটকে বনের ভেতরে পড়ে যায়।
যোগাযোগ বন্ধ
এ ঘটনায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়। ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর ‘জয়ন্তিকা এক্সপ্রেস’ ট্রেনটি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে আটকে পড়ে।
উদ্ধার কার্যক্রম
শ্রীমঙ্গল রেল স্টেশনের মাস্টার শাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বিকাল সাড়ে ৪টার দিকে লাউয়াছড়া বনে তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। বিষয়টি রেল বিভাগকে জানানো হয়েছে। উদ্ধার কাজ শেষ হতে সময় লাগবে। ইতিমধ্যে কুলাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন রওনা করেছে।



