পশ্চিম সুন্দরবনের অভয়ারণ্যে কাঁকড়া ধরার সময় গুলিতে এক জেলের মৃত্যুকে কেন্দ্র করে সাতক্ষীরা রেঞ্জ অফিস ও বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনে হামলা, ভাঙচুর এবং বনকর্মীদের মারধরের ঘটনায় মামলা হয়েছে। ঘটনার ১০ দিন পর গত বুধবার রাতে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক বাদী হয়ে শ্যামনগর থানায় মামলাটি করেন।
মামলায় গাবুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মঞ্জুর হোসেন, একই এলাকার আবুল কালাম, ইয়াছিন আরাফাত ও আবরিয়া হোসেনসহ ২৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৩৫০ জনকে আসামি করা হয়েছে।
ঘটনার বিবরণ
মামলার বিবরণে জানা যায়, গত মে ভোরে সুন্দরবনের খুলনা রেঞ্জের নলিয়ান স্টেশনের পাটকোষ্টা হেলাবাসী অভয়ারণ্য এলাকায় টহলরত খুলনা 'স্মার্ট টিম'-এর সদস্যদের সঙ্গে জেলেদের বাগ্বিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সোরা গ্রামের জেলে আমিনুর রহমান (৪৫) গুলিবিদ্ধ হন। পরে অন্য জেলেরা তাঁকে বাড়িতে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়।
হামলার ঘটনা
এরপর ওই দিন বেলা সাড়ে তিনটার দিকে নিহত জেলের মরদেহ নিয়ে লোকজন বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন অফিসের সামনে জড়ো হন। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে লোকজনকে সেখানে জড়ো হওয়ার আহ্বান জানানো হয় এবং বন বিভাগের কার্যালয়ে হামলার উসকানি দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
পরে বিকেল ৪টার দিকে ৩০০ থেকে ৩৫০ জনের একটি দল সাতক্ষীরা রেঞ্জ অফিস ও বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনে হামলা চালায়। এ সময় পাঁচ বনকর্মীকে মারধর করে আহত করা হয়। হামলাকারীরা দুটি কার্যালয়ে ভাঙচুর চালিয়ে বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় বলেও অভিযোগ করা হয়েছে।
পরবর্তী পদক্ষেপ
একপর্যায়ে পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা শ্যামনগর থানার উপপরিদর্শক অনিরুদ্ধ রায় বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।



