গলাচিপায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোরের মৃত্যু
গলাচিপায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২ কিশোর

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা শহরে এ ঘটনা ঘটে। নিহতরা হলো গলাচিপা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শ্যামলীবাগ এলাকার মৎস্য ব্যবসায়ী জব্বার হাওলাদারের ছেলে মো. ফয়সাল হাওলাদার (১৬) এবং একই এলাকার ব্যবসায়ী আবুল হোসেন মাতুব্বরের ছেলে তামিম মাতুব্বর (১৬)।

দুর্ঘটনার বিবরণ

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের নামাজ পড়ার পর ফয়সাল ও তামিম মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। বেলা ১১টার দিকে উপজেলা শহরের গ্রামীণ ব্যাংক এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাদের গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তামিমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ফয়সাল এবং অটোরিকশার দুই যাত্রী সোহরাব হোসেন (৫০) ও শরীফকে (২৫) উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে বরিশালে নেওয়ার পথে ফয়সালের মৃত্যু হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নিহতদের পরিচয়

নিহত ফয়সালের বড় ভাই ও স্থানীয় সংবাদকর্মী হাফিজুর রহমান বলেন, ফয়সাল রাজধানীর কাকরাইল এলাকার একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল। ঈদ উপলক্ষে সে বাড়িতে এসেছিল। আজ সকালে ঘুম থেকে উঠে ঈদের নামাজ আদায়ের পর বন্ধু তামিমকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হয়। অন্যদিকে তামিম গলাচিপা উপজেলা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশের বক্তব্য

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদ বলেন, সড়ক দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ