বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপারসহ দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে কাহালু ও বুধবার সকালে নন্দীগ্রাম উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতদের পরিচয়
নিহতরা হলেন- ঝিনাইদহ সদর উপজেলার খড়াশনি গ্রামের ট্রাক হেলপার মো. ইনজামাম (২০) ও দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার তরতবাড়ি গ্রামের শ্রমিক রবিউল আউয়াল জিয়া (৪২)।
নন্দীগ্রামে দুর্ঘটনা
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে বগুড়া ছেড়ে আসা বালুবাহী একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। ট্রাকের চালক সকাল সোয়া ৬টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে নন্দীগ্রাম উপজেলার ফোকপাল রাস্তার মাথায় দাঁড়িয়ে থাকা অপর বালু ভর্তি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে আটকা পড়েন চালক শামীম শেখ ও হেলপার মো. ইনজামাম।
নন্দীগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের দুজনকে উদ্ধার করেন। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক ট্রাক হেলপার ইনজামামকে মৃত ঘোষণা করেন। হাইওয়ে পুলিশ কুন্দারহাট থানার ওসি হাফিজার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
কাহালুতে অজ্ঞাত যানবাহনের ধাক্কা
এর আগে মঙ্গলবার রাত ১২টার দিকে কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের ভ্যাপরা এলাকায় বগুড়া-নওগাঁ মহাসড়ক পার হওয়ার চেষ্টা করলে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় রবিউল আউয়াল জিয়া নামে এক শ্রমিক মারা যান। তিনি ওই এলাকার নিউ হোপ ফিড মিলের কারখানায় কাজ করতেন। কাহালু থানার ওসি শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই অজ্ঞাত ওই যানবাহনটি পালিয়ে যায়। ঘাতক যানবাহনটি শনাক্ত করে চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।



