বিজিবির কড়া প্রতিবাদে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা বন্ধ
বিজিবির কড়া প্রতিবাদে বিএসএফের খুঁটি স্থাপন বন্ধ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়ন সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে শূন্যরেখা সংলগ্ন স্থানে পুনরায় বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা চালায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। এ খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর ৫১ ব্যাটালিয়নের সদস্যরা তীব্র আপত্তি ও কঠোর প্রতিবাদ জানালে বিএসএফ তাদের কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়।

ঘটনার বিবরণ

বিজিবি সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় দহগ্রাম ইউনিয়ন সীমান্তের দহগ্রাম বিজিবি ক্যাম্পের (বিওপি) আওতাধীন ডিএএমপি ৭/৩০-এস পিলারের নিকটবর্তী শূন্যরেখা থেকে ভারতের অভ্যন্তরে ১০-২০ গজ দূরে বিএসএফ বাঁশের খুঁটি স্থাপনের উদ্যোগ নেয়। তাৎক্ষণিকভাবে বিজিবি টহল দল ঘটনাস্থলে পৌঁছে জোরালো প্রতিবাদ জানালে বিএসএফ খুঁটি স্থাপন বন্ধ রাখে।

ওই সময় বাংলাদেশ অংশে ৪-৫ সেকশন বিজিবি সদস্য এবং ভারতীয় অংশে প্রায় ৪০-৫০ জন বিএসএফ সদস্য অবস্থান নিলে সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিজিবি ও বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে টেলিকমিউনিকেশনের মাধ্যমে বিএসএফ তাদের সব কার্যক্রম স্থগিত করে এবং উভয় পক্ষ ঘটনাস্থল ত্যাগ করে। বর্তমানে সেখানে কাজ বন্ধ রয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পূর্বের ঘটনা

এর আগে সোমবার (১৮ মে) একই সীমান্তের ডিএএমপি ৬/১৬-এস পিলারের নিকট শূন্যরেখা থেকে ১০-২০ গজ ভারতের অভ্যন্তরে ভারতের ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের তরুণ ক্যাম্পের সদস্যরা ১৫টি বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা করলে বিজিবির বাধায় পিছু হটে যায়।

এছাড়া গত বৃহস্পতিবার সকালে উপজেলার কুচলিবাড়ি কলসির মুখ সীমান্ত এলাকায় বিএসএফ সীমান্ত আইন অমান্য করে জিরো লাইনের নিয়মবহির্ভূতভাবে বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা করে। বিজিবি টহল দল তাৎক্ষণিকভাবে তীব্র আপত্তি জানালে বিএসএফ সদস্যরা ভুল স্বীকার করে খুঁটি সরিয়ে নেয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিজিবি অধিনায়কের বক্তব্য

রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে বিএসএফ খুঁটি স্থাপনের চেষ্টা চালিয়েছিল। বিজিবি শক্ত অবস্থান নেওয়ায় তারা কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়। এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য ভারতীয় বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।