লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের কলসিরমুখ বিজিবি ক্যাম্পের সদস্যরা। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের গিড়িয়ারপাড় গ্রাম সীমান্তে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে বিজিবি সূত্র জানিয়েছে।
ঘটনার বিবরণ
জানা গেছে, উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের গিড়িয়ারপাড় গ্রাম সীমান্তের ৮০৬ মেইন পিলারের কাছ দিয়ে বৃহস্পতিবার গভীর রাতে ভারতীয় একটি চোরাকারবারির দল কাঁটাতারের বেড়া ডিঙিয়ে বাংলাদেশের গিড়িয়ারপাড় গ্রামে প্রবেশের চেষ্টা চালায়। এ সময় রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের কলসিরমুখ বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার রফিকুল ইসলামের নেতৃত্বে একদল বিজিবি সদস্য ওই সীমান্তে নিয়মিত টহলে ছিল।
পরে বিজিবির টহল দলের সদস্যরা চোরাকারবারি দলকে দেখতে পেয়ে তাদের সতর্ক করে এবং প্রবেশে বাধা দেয়। এ সময় ওই চোরাকারবারির দলটি সতর্কবার্তা অমান্য করে বিজিবি সদস্যদের দিকে এগিয়ে আসতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সদস্যরা দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়েন। গুলির শব্দে ভারতীয় চোরাকারবারিরা দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়। তবে এ সময় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিজিবি কর্মকর্তার বক্তব্য
রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল নাজিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভারতীয় চোরাকারবারিরা সীমান্তের কাঁটাতারের বেড়া ডিঙিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালায়। বিজিবি সদস্যরা তাদের উপস্থিতি টের পেয়ে সতর্কবার্তা দেয়। কিন্তু তারা কর্ণপাত না করে বিজিবি সদস্যদের দিকে এগিয়ে আসতে থাকে। পরে বিজিবি সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছোড়ে। সীমান্ত রক্ষায় বিজিবি সবসময় সতর্ক রয়েছে বলে তিনি জানান।



