লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের কলসির মুখ সীমান্ত দিয়ে ভারতীয় চোরাকারবারির একটি দল বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাদের লক্ষ্য করে দুটি ফাঁকা গুলি ছুড়েছে বাংলাদেশ সীমান্ত রক্ষী (বিজিবি) বাহিনীর টহল দল। বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে কলসির মুখের পশ্চিম গিয়ার পাড়ায় সীমান্তের মেইন পিলার-৮০৬ এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ
শুক্রবার ৫১ বিজিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ভারতীয় চোরাকারবারিরা বিজিবির টহল দলের নিকটবর্তী হলে তাদের 'চ্যালেঞ্জ' করলে তারা কোনো কর্ণপাত না করে আরও এগিয়ে আসতে থাকে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং চোরাকারবারিদের সতর্ক করার লক্ষ্যে দুটি ফাঁকা গুলি ছোড়া হয়। এর ফলে চোরাকারবারিরা দৌড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বিজিবি অধিনায়কের বক্তব্য
রংপুর ব্যাটালিয়নের ৫১ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সাংবাদিকদের জানান, বিজিবি ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে কলসির মুখ সীমান্তে সতর্কতামূলক দুটি ফাঁকা গুলি ছোড়ে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বিএসএফের বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা
ওই সীমান্ত এলাকায় কয়েকদিন ধরে আইন লঙ্ঘন করে বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা করে আসছে বিএসএফ। বিজিবির শক্ত অবস্থানের কারণে তারা পিছু হটেছে। এক প্রশ্নের জবাবে রংপুর ব্যাটালিয়নের ৫১ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান জানান, শুক্রবার দুপুরে দহগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকা সীমান্ত পিলার ডিএএমপি ৭/৩০ এস–এর নিকট পুনরায় বিএসএফ বাঁশের খুঁটি স্থাপন করতে উদ্যোগ নিলে বিজিবির বাধা ও আপত্তির মুখে সরে যায়।
এর আগে গত সোমবার দুপুরে দহগ্রাম বিওপির ডিএএমপি ৬/১৬ এস–এর নিকট হতে ১০-২০ গজ ভারতের অভ্যন্তরে ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের আওতাধীন সদস্যরা বাঁশের খুঁটি স্থাপন করতে আসলে বিজিবির কঠোর অবস্থানে তাঁরা পিছু হটে। শুক্রবার দহগ্রামের মতো কলসির মুখ সীমান্তে বিএসএফের বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা করে। এবারও বিজিবির প্রতিবাদে তারা পিছু হটে। বিজিবি সীমান্তে সতর্ক অবস্থায় আছে।



