ব্রাহ্মণবাড়িয়ায় নদী থেকে দুই যুবকের লাশ উদ্ধার, একজনের গলায় আঘাতের চিহ্ন
ব্রাহ্মণবাড়িয়ায় নদী থেকে দুই যুবকের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থান থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ মে) বিকালে জেলার সরাইল উপজেলার ছেত্রা নদী এবং দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের তিতাস নদী থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। এর মধ্যে একজনের পরিচয় পাওয়া গেলেও অপরজনের পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।

সরাইলে যুবকের লাশ উদ্ধার

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকালে সরাইল উপজেলার অরুয়াইল-রাজাপুর সড়কের পাশের ছেত্রা নদীর তীর থেকে আবেদ আলী (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করে সরাইল থানা পুলিশ। তিনি পাকশিমুল ইউনিয়নের কালিশিমুল গ্রামের মৃত মতি মিয়ার ছেলে। আবেদ আলী অরুয়াইল বাজারের একটি মসলার মিলে কাজ করতেন।

মসলার মিলের মালিক বাহলুল আহমেদ ও স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যায় কাজ শেষে আবেদ আলী বাড়ির উদ্দেশে রওনা হন। পথে তার এক চাচাতো ভাইয়ের সঙ্গে দেখা করার কথা ছিল। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সোমবার দুপুরে স্থানীয় লোকজন নদীর পাড়ে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের গলায় ধারালো অস্ত্র দিয়ে জবাইয়ের চিহ্ন রয়েছে। ঘটনার তদন্ত চলছে।

তিনি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিতাস নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ

এদিকে, ব্রাহ্মণবাড়িয়া শহরের আনন্দবাজার কারখানাঘাট এলাকার তিতাস নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে অর্ধগলিত অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ২২ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে লাশটি তিন থেকে চার দিন পানিতে থাকায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সদর থানার ওসি শহিদুল ইসলাম জানান, লাশটি তিন-চারদিন ধরে পানিতে ভাসমান ছিল বলে ধারণা করা হচ্ছে। নদী থেকে লাশ উদ্ধারের ঘটনায় নৌ-পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা লাশের পরিচয় শনাক্তসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করছে।