নোয়াখালীর বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনায় ফতেহপুর ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রধান মো. বেলাল হোছাইন ফতেহপুরী (৫৫) নিহত হয়েছেন। তাঁর পাঁচ বছরের মেয়ে তালবিয়া মুসতারি গুরুতর আহত হয়েছে। আজ সোমবার দুপুরে চৌমুহনীর হলি কেয়ার হসপাতালের সামনে নোয়াখালী-ফেনী মহাসড়কে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিবরণ
পরিবারের সদস্য, পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, সোমবার সকালে সেনবাগ উপজেলার ফতেহপুর গ্রামের বাড়ি থেকে অসুস্থ দুই মেয়ে ও স্ত্রীকে ডাক্তার দেখাতে চৌমুহনী হলি কেয়ার হাসপাতালে যান বেলাল হোছাইন। দুপুর আনুমানিক ১২টার দিকে হাসপাতাল থেকে বের হয়ে তিনি মেয়ে তালবিয়াকে নিয়ে সড়ক পার হচ্ছিলেন। পেছনে আরেক মেয়েকে নিয়ে সড়কের দিকে আসছিলেন তাঁর স্ত্রী তামান্না রহমান (৪০) ও আরেক মেয়ে তাসপিয়া সুলতানা (১২)। হঠাৎ চৌমুহনী অভিমুখী একটি দ্রুতগতির ট্রাক বেলাল হোছাইন ও তাঁর মেয়েকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বেলাল হোছাইন মারা যান। গুরুতর আহত তালবিয়াকে জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘাতক ট্রাক আটক
দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ট্রাকটি আটক করে। খবর পেয়ে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করে।
শোক ও বিদায়
দুর্ঘটনার পর নিহত বেলাল হোছাইন ফতেহপুরীর লাশ স্বজনেরা সেনবাগ উপজেলার ফতেহপুর গ্রামের ফতেহপুর ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রাঙ্গণে নিয়ে যান। সেখানে প্রিয় শিক্ষককে শেষ বিদায় জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়ে শিশুরা। স্থানীয় বাসিন্দা জহির উদ্দিন বলেন, দুই দশকের বেশি সময় আগে বেলাল হোছাইন ফতেহপুরীর হাত ধরে মাদ্রাসাটির যাত্রা শুরু হয়। তিনি প্রতিটি শিক্ষার্থীকে নিজের সন্তানের মতো আদর-স্নেহ দিয়ে বড় করে তুলছিলেন। তাঁর মৃত্যুতে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একজন অভিভাবক হারিয়েছে।
আইনি ব্যবস্থা
ঘটনাস্থল পরিদর্শনকারী লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার সার্জেন্ট মো. সবুজ মিয়া বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় পরিবারের অভিযোগের আলোকে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।



