ভাইয়ের বাড়ি যাওয়ার কথা বলে সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, স্বামীর ২ লাখ টাকাও নিয়ে গেছেন
ভাইয়ের বাড়ি যাওয়ার কথা বলে সন্তানসহ গৃহবধূ নিখোঁজ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নের কাঁঠালতলী গ্রামে দেড় বছরের শিশু সন্তানসহ এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। ভাইয়ের বাড়ি যাওয়ার কথা বলে নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিখোঁজ গৃহবধূর পরিচয়

নিখোঁজ গৃহবধূর নাম তাসলিমা আক্তার (১৯)। তিনি মালখানগর এলাকার আলাউদ্দিন সরদারের মেয়ে এবং কাঁঠালতলী গ্রামের প্রতিবন্ধী সুমন শেখের স্ত্রী। তাঁর সঙ্গে নিখোঁজ হয়েছে দেড় বছরের ছেলে তাওহীদ।

ঘটনার বিবরণ

পরিবার ও থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭ মে সকাল ৮টার দিকে তাসলিমা আক্তার তার ভাইয়ের বাসা ঢাকার জুরাইনে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এ সময় তার সঙ্গে ছিল দেড় বছরের ছেলে সন্তান তাওহীদ। অভিযোগ রয়েছে, স্বামী সুমন শেখের গাড়ি বিক্রির ২ লাখ টাকাও সঙ্গে নিয়ে যান তিনি। এরপর থেকে গত দুই দিন ধরে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরিবারের উদ্বেগ

নিখোঁজের ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। নিখোঁজ তাসলিমার প্রতিবন্ধী স্বামী সুমন শেখ বলেন, 'আমার স্ত্রী রোববার সকালে বলেছিল জুরাইনে ভাইয়ের বাসায় যাবে। যাওয়ার সময় আমার গাড়ি বিক্রির দুই লাখ টাকাও সঙ্গে নিয়ে যায়। এরপর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে। আমি আমার স্ত্রী ও সন্তানকে ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা চাই।'

তাসলিমার মা আবেগঘন কণ্ঠে বলেন, 'আমার মেয়ের কোনো খোঁজ পাচ্ছি না। নাতিটাও তার সঙ্গে আছে। আমরা খুব দুশ্চিন্তায় আছি। কেউ তাদের সন্ধান পেলে আমাদের জানালে উপকার হবে।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

থানায় অভিযোগ ও পুলিশের পদক্ষেপ

এ ঘটনায় সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ হয়েছে বলে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে কেউ তাসলিমা আক্তার ও শিশু তাওহীদের সন্ধান পেলে দ্রুত নিকটস্থ থানায় অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে সিরাজদিখান থানার ওসি আব্দুল হান্নান বলেন, 'লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।'