ঝিনাইদহে একই সঙ্গে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৬টার দিকে নিজ বাড়িতে ইলেকট্রিক ফ্যানে ধান উড়াতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মজিবর খাঁ (৬০) ও তাঁর স্ত্রী মোমেনা বেগম (৫৫)। মজিবর খাঁ ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামের মৃত তের আলী খাঁর ছোট ছেলে।
ঘটনার বিবরণ
স্বজনরা জানান, সকালে মজিবর খাঁ বাড়িতে একটি ইলেকট্রিক ফ্যানে ধান উড়াতে যান। ফ্যানে বিদ্যুৎ সংযোগ দিলে তা না চলায় তিনি ফ্যানটি চেক করতে যান। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ফ্যানটি তাঁর বুকের ওপর পড়ে যায়। তাঁর স্ত্রী মোমেনা বেগম তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। একই সঙ্গে স্বামী-স্ত্রীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশি ব্যবস্থা
ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রী দুজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হবে।



