ফরিদপুরের ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সুমন শেখ (২২) নামে এক যুবক নিহত হওয়ার ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সজীব মাতুব্বরকে এক নম্বর আসামি করে ১১ জনের নাম উল্লেখসহ আরও ৩৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলার বিবরণ ও কমিটি বিলুপ্তি
নিহত সুমন শেখের বাবা মিলন শেখ বাদী হয়ে বৃহস্পতিবার (২ জুলাই) রাতে ভাঙ্গা থানায় এই মামলা করেন। শুক্রবার (৩ জুলাই) ঘটনার জেরে ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে জেলা কমিটি। ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ভাঙ্গা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি ৩ জুলাই ২০২৬ তারিখ থেকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন (মিঠু) এবং সদস্য সচিব শাহরিয়ার শিথিল স্বাক্ষর করেন।
ঘটনার বিবরণ
এর আগে, মঙ্গলবার (৩০ জুন) রাতে ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় পূর্বশত্রুতার জের ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কাপুড়িয়া সদরদী গ্রামের মিলন শেখের ছেলে সুমন শেখ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। সুমন শেখ পেশায় ফাস্টফুট ব্যবসায়ী ছিলেন। ঘটনায় স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা সজীব মাতুব্বরের নাম উঠে আসে।
পুলিশ ও রাজনৈতিক প্রতিক্রিয়া
ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষে সুমন শেখ নামের এক যুবক নিহত হন। এ ঘটনায় বৃহস্পতিবার ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।
এ বিষয়ে ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য ও কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেন, সুমন হত্যার ঘটনায় মামলা হয়েছে। এ বিষয়ে কোনো তদবির বা রাজনৈতিক হস্তক্ষেপ চলবে না। বিচারে দোষীদের শাস্তি পেতে হবে। ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সজীব মাতুব্বরের বিষয়েও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।



