নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের দেশবিরোধী অপতৎপরতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঢাকা সেন্টাল ইউনিভার্সিটি কবি নজরুল সরকারি কলেজ ক্যাম্পাস ছাত্রদল বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) বিকাল ৪টায় ক্যাম্পাসের মূল ফটক থেকে শুরু হয়ে রাইশা বাজার হয়ে ক্যাম্পাসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃবৃন্দ
এ সময় উপস্থিত ছিলেন কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব নাজমুল হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কেএম সিরাজুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম কাননসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
স্লোগান ও হুঁশিয়ারি
সমাবেশে তারা ‘হই হই রই রই, ছাত্রলীগ গেলি কই’, ‘আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না’ এবং ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’ ইত্যাদি স্লোগান দেয়।
বিক্ষোভ মিছিল শেষে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগকে হুঁশিয়ারি দিয়ে ছাত্রদলের সদস্য সচিব মো. নাজমুল হাসান বলেন, “গত দুই বছর যেভাবে গর্তে মাথা লুকিয়ে ছিলেন, সেভাবেই গর্তে মাথা লুকিয়ে রাখুন। যদি মাথা বের করার চেষ্টা করেন, জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে সেই অপচেষ্টার জবাব দেবে।”
তিনি আরও বলেন, “কোনও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করবেন না। নৈরাজ্য করার চেষ্টা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। আপনারা এ দেশে দীর্ঘ ১৭ বছর সাধারণ মানুষের ওপর অত্যাচারের স্টিমরোলার চালিয়েছেন। আর কোনোভাবেই সেই স্টিমরোলার চালাতে দেওয়া হবে না।”



