জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, হাসানুল হক ইনু ছিলেন শেখ হাসিনার অন্যতম সহযোগী। তার ১০ বছরের সাজা যথেষ্ট নয়। আপিলের মাধ্যমে তার আরও কঠোর শাস্তির প্রত্যাশা করছি।
জুলাই আন্দোলনের গণকবর জিয়ারত
বুধবার (১ জুলাই) দুপুরে রাজধানীর রায়েরবাজারে জুলাই আন্দোলনে নিহতদের গণকবর জিয়ারত শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
জুলাই হত্যা মামলার তদন্ত ধীরগতির
নাহিদ ইসলাম বলেন, জুলাই হত্যা মামলার তদন্ত ও বিচার ধীরগতিতে চলছে। এ প্রক্রিয়া আরও দ্রুত করতে হবে। ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনতে হবে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ফাঁসির রায় কার্যকর করতে হবে।
জুলাই স্মৃতি জাদুঘর খোলার দাবি
তিনি বলেন, ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে। অন্যথায় জনগণ নিজেরাই জাদুঘর খুলে প্রবেশ করবে।
জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নের আহ্বান
বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, শুধু নামকাওয়াস্তে জুলাই গণঅভ্যুত্থান পালন করলে চলবে না। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। রাষ্ট্র কাঠামোর সংস্কার করতে হবে।
দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সরকারের কর্মসূচি প্রত্যাশা
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সরকার এখনও কোনও কর্মসূচি ঘোষণা করেনি। তবে সরকার দ্রুতই কর্মসূচি ঘোষণা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
কবর জিয়ারতে উপস্থিত নেতারা
কবর জিয়ারতে আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এমপি, উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল আমিন, আকরাম হুসাইন ও আলী আহসান জুনায়েদসহ দলের শীর্ষ নেতারা।



