জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘সরকার উন্নয়নে বৈষম্য করলে প্রয়োজনে বাঘের গর্জন করা হবে। কোনো কোনো স্থানে আমরা দেখছি, সরকারি এমপি যা বরাদ্দ পাচ্ছেন, বিরোধী দলের এমপিরা তা পাচ্ছেন না। এটা হতে পারে না। আমরা আগেও দেখেছি এমন বৈষম্য হতে। কিন্তু এখন তা মেনে নেওয়া হবে না।’
নেত্রকোনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নেত্রকোনা সার্কিট হাউসের সম্মেলনকক্ষে জেলা জামায়াত আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এ কথা বলেন।
জামায়াতের আমির বলেন, নেত্রকোনার কথাই ধরেন, এখানে যা উন্নয়ন হওয়ার কথা ছিল, তা হয়নি। এখানে সাদামাটির পাহাড় রয়েছে, সিলিকন বালু আছে, কিন্তু কোনো কলকারখানা নেই। সরকারের পাশাপাশি জেলা ও বাইরের লোকজনও এখানে শিল্পকারখানা করতে পারেন।
মাদক ও সীমান্ত ইস্যুতে কড়া মন্তব্য
মাদকের বিস্তার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে শফিকুর রহমান বলেন, ‘সংসদে একজন সংসদ সদস্য বলেছেন, মাদক কোন এলাকা দিয়ে আসে। তিনি তা বন্ধ করছেন না। তিনি আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বেও আছেন। তিনি ইচ্ছা করলেই তাঁর এলাকা দিয়ে মাদক আসা বন্ধ করতে পারেন। সরকার মাদক নিয়ন্ত্রণে একটা বিল আনছে। আমরা চাই, নিয়ন্ত্রণ নয় বরং মাদক পুরোপুরি নির্মূল করতে। আর শুধু যুবসমাজ মাদকে আক্রান্ত হচ্ছে না, বৃদ্ধরাও মাদকে আসক্ত হচ্ছে।’
পার্শ্ববর্তী দেশের সীমান্ত প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, ‘ভারত দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশ ইনের চেষ্টা করছে। আমরা তা প্রতিহত করছি। বিজিবির পাশাপাশি আমরা আমাদের জায়গা থেকে সদিচ্ছা নিয়ে দাঁড়িয়ে পড়ব। দেশের এক ইঞ্চি জায়াগাও ছাড়ব না ইনশা আল্লাহ। আমরা দেখেছি, যে সরকারই ক্ষমতায় আসে সে সরকারই বলে, আগের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। কিন্তু কোথায় পরিস্থিতি ভালো তা আমরা জানি না।’
সভায় উপস্থিত নেতৃবৃন্দ
জেলা জামায়াতের আমির ছাদেক আহমাদের সভাপতিত্বে ও জেলা সহকারী সেক্রেটারি জহিরুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য মনজুরুল ইসলাম ভূঁইয়া, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাহাবুদ্দিন, নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাসুম মোস্তফা, জেলা জামায়াতের নায়েবে আমির মাহবুবুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কামাল উদ্দিন, পৌর জামায়াতের আমির আবুল হোসেন তালুকদার প্রমুখ।
সভা শেষে জামায়াতের আমির শহরের মোক্তারপাড়া এলাকায় জেলা পাবলিক হলে ষাণ্মাসিক সদস্য (রুকন) সম্মেলনে যোগ দেন।



