বান্দরবানে পর্যটন কেন্দ্র বন্ধের ভুয়া বিজ্ঞপ্তি, প্রশাসনের সতর্কতা
বান্দরবানে পর্যটন কেন্দ্র বন্ধের ভুয়া বিজ্ঞপ্তি, প্রশাসনের সতর্কতা

বান্দরবানের রুমা ও থানচির সীমান্ত এলাকায় ‘নতুন একটি সশস্ত্র গ্রুপের তৎপরতার’ কথা উল্লেখ করে পর্যটন কেন্দ্রগুলো বন্ধ করে দেয়ার ভুয়া বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে জেলা প্রশাসন জানিয়েছে, ছড়িয়ে পড়া নোটিশটি সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও বিভ্রান্তিকর।

জেলা প্রশাসনের জরুরি গণবিজ্ঞপ্তি

আজ মঙ্গলবার (২৩ জুন) বান্দরবান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। একই সাথে জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যটক ও সাধারণ জনগণকে এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ভুয়া বিজ্ঞপ্তির বিস্তারিত

গতকাল সোমবার কে বা কারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বান্দরবানের রুমা উপজেলার পর্যটনকেন্দ্র বগালেক, কেওক্রাডং ও থানচি বন্ধ করে দেয়ার জেলা প্রশাসনের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি ছড়িয়ে দেয়। এ খবর ছড়িয়ে পড়লে এটি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। স্থানীয়দের মধ্যেও বিভ্রান্তি দেখা দেয়। এ ঘটনার পর মঙ্গলবার জেলা প্রশাসক মো: সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক গণ বিজ্ঞপ্তিতে বলা হয়, পর্যটন কেন্দ্রগুলো বন্ধ করে দেয়ার কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি প্রশাসন থেকে। এছাড়া ভুয়া বিজ্ঞপ্তিতে সাজ্জাদ হোসেন নামের যে কর্মকর্তার স্বাক্ষর রয়েছে এই নামে কোনো কর্মকর্তা জেলা প্রশাসনে কর্মরতও নেই।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সশস্ত্র গ্রুপের তৎপরতা নিয়ে গুজব

জানা গেছে, সম্প্রতি বান্দরবানের থানচি উপজেলার সীমান্ত-সংলগ্ন মায়ানমারের চিন এস্টেটের একটি সশস্ত্র বিদ্রোহী গ্রুপ বান্দরবানের দুর্গম এলাকায় তৎপরতা চালাচ্ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার পর্যটন কেন্দ্রগুলো বন্ধ করে দেয়ার প্রশাসনের স্বাক্ষরিত একটি ভুয়া বিজ্ঞপ্তি ছড়িয়ে দেয়া হয়। এই বিজ্ঞপ্তি নিয়ে পর্যটক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।

প্রশাসনের স্পষ্টীকরণ

মঙ্গলবার সকালেই জেলা প্রশাসক ফেসবুকে ছড়িয়ে পড়া বিজ্ঞপ্তিটি ভুয়া উল্লেখ করে একটি গণবিজ্ঞপ্তি জারি করেন। জেলা প্রশাসক সানিউল ফেরদৌস জরুরি বিজ্ঞপ্তিতে বলেছেন, জেলা প্রশাসনে স্থানীয় সরকার ও আইনশৃঙ্খলা শাখা নামের কোনো শাখা নেই। পাশাপাশি ভুয়া বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করা মোহাম্মদ সাজ্জাদ হোসেন নামে কোনো কর্মকর্তাও নেই জেলা প্রশাসনে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিজ্ঞপ্তি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর। ভুয়া বিজ্ঞপ্তির বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য জনসাধারণকে আহ্বান জানান জেলা প্রশাসক।