রাবিতে সিট দখলের প্রতিবাদে ছাত্রশিবিরের মানববন্ধন ও তিন দাবি
রাবিতে সিট দখলের প্রতিবাদে ছাত্রশিবিরের মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলোতে শাখা ছাত্রদলের বিরুদ্ধে সিট দখলের অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শাখা ছাত্রশিবির। সোমবার (২৯ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ কর্মসূচি পালিত হয়।

প্ল্যাকার্ড ও দাবি

মানববন্ধনে অংশ নেওয়া ছাত্রশিবিরের নেতাকর্মীরা ‘হল প্রভোস্ট ও ছাত্রদলের যৌথ প্রযোজনার সিট দখল রুখে দাও’, ‘দলীয় বিবেচনায় সিট বণ্টন বন্ধ করো’, ‘আদু ভাইয়েরা হল ছাড়বে কবে?’ ইত্যাদি লেখা সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

কর্মসূচিতে আবাসিক হলের সিট বণ্টন নিয়ে প্রশাসনের কাছে তিনটি দাবি জানায় সংগঠনটি। দাবিগুলো হলো: অনতিবিলম্বে যেসব শিক্ষার্থী অবৈধভাবে হলে অবস্থানকারীদের সিট বাতিল করা, পুনরায় বিজ্ঞপ্তি দিয়ে বিদ্যমান নিয়ম অনুসারে সাধারণ শিক্ষার্থীদের সিট প্রদান করা এবং হলের সিট বণ্টন নিয়ে একটি স্বচ্ছ ওয়েবসাইট তৈরি করা, যাতে কোন হলে কতজন শিক্ষার্থী রয়েছে এবং ফাঁকা সিটের সংখ্যা শিক্ষার্থীদের জানানো হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নেতাদের বক্তব্য

মানববন্ধনে শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, “২৪ পরবর্তী সময়ে হল দখল ও সিট বাণিজ্যের কবর রচিত হয়েছিল। কিন্তু ছাত্রদল আবারও হলগুলো দখলের পাঁয়তারা করছে। শুধুমাত্র দলীয় বিবেচনায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের হলে সিট দেওয়া হচ্ছে।” তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “হল দখলের পাঁয়তারা বন্ধ করতে হবে। অন্যথায় চব্বিশ পরবর্তী সময়ে যে লাঞ্ছনার মাধ্যমে পূর্বের প্রশাসনকে বিতাড়িত করা হয়েছিল তার জন্য আপনারা প্রস্তুত থাকুন।”

শাখা ছাত্রশিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক মেহেদী সজীব ছাত্রদলের উদ্দেশে বলেন, “আপনারা রাজনীতির নামে ছাত্রলীগের কায়দায় সিট বাণিজ্যের রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা করবেন না। ছাত্রশিবির যতদিন আছে হলগুলোতে সিট দখলের রাজনীতি ফিরতে দেবে না।”

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সঞ্চালনা ও উপস্থিতি

মানবন্ধন কর্মসূচি সঞ্চালনা করেন শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মেহেদী হাসান। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন হল ও অনুষদের নেতাকর্মীরা।